
আসাদ ঠাকুর, অমনিবাস ::
দীর্ঘ আট বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের (রেজি: নং বি-৭৭) ত্রিবার্ষিক নির্বাচন। আজ শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত এই নির্বাচনে কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে রাজু গোয়ালা এবং সাধারণ সম্পাদক পদে মুকেশ কুমার অনুপ নির্বাচিত হয়েছেন।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে দেশের পাঁচ জেলার ২০টি উপজেলায় অবস্থিত ২৩০টি চা বাগানে একযোগে ভোটগ্রহণ চলে। লক্ষাধিক চা শ্রমিক সকাল থেকেই স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে বেসরকারিভাবে কেন্দ্রীয় কমিটির শীর্ষ দুই পদের ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে কেন্দ্রীয় কমিটি ছাড়াও সংশ্লিষ্ট ভ্যালি কমিটি এবং নিজ নিজ চা বাগানের পঞ্চায়েত কমিটির নেতৃত্ব নির্বাচনে ভোট দেন শ্রমিকরা। কেন্দ্রীয়, ভ্যালি ও পঞ্চায়েত কমিটি মিলিয়ে ছয় শতাধিক প্যানেলে প্রায় ৭ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নবনির্বাচিত সভাপতি রাজু গোয়ালা ও সাধারণ সম্পাদক মুকেশ কুমার অনুপের বিজয়ে বিভিন্ন চা বাগানের শ্রমিকদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। চা শ্রমিকদের ন্যায্য মজুরি, ভূমি অধিকার, চিকিৎসা ও শিক্ষার মানোন্নয়নসহ দীর্ঘদিনের অমীমাংসিত দাবিগুলো আদায়ে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সাধারণ শ্রমিকরা।
কালনেত্র