
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নে দাওয়াতে ইসলামীর উদ্যোগে ইজতিমায় জিকির ও নাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত এ মাহফিলে বিপুলসংখ্যক মুসল্লি, সুন্নি ওলামা-মাশায়েখ ও আশেকে রাসূল অংশগ্রহণ করেন।
মাহফিলে ১নং গাজীপুর ইউনিয়ন ছাড়াও চুনারুঘাট উপজেলা এবং হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে ইসলামপ্রিয় মুসল্লিরা উপস্থিত হন। সন্ধ্যার পর থেকেই মাহফিলস্থলে মানুষের ঢল নামতে শুরু করে। একপর্যায়ে মাহফিলের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠে জায়গা না থাকায় অনেক মুসল্লিকে আশপাশের সড়ক ও বিভিন্ন স্থানে দাঁড়িয়ে মাহফিলে অংশগ্রহণ করতে দেখা যায়।
মাহফিলে জিকির, নাত ও ইসলামি আলোচনা অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনজুড়ে ছিল ধর্মীয় আবহ ও উৎসবমুখর পরিবেশ। উপস্থিত মুসল্লিরা সম্মিলিতভাবে জিকির ও নাতে রাসূল (সা.)-এ অংশ নেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও সুন্দর, সুশৃঙ্খল ও গোছানোভাবে প্রতিবছর এ ধরনের মাহফিল আয়োজনের চেষ্টা অব্যাহত থাকবে। এজন্য সবার কাছে দোয়া কামনা করেন তারা।
দাওয়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়, এটি একটি অরাজনৈতিক সংগঠন। বিশ্বের বিভিন্ন দেশে ইসলাম প্রচার, মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা এবং দ্বীনি শিক্ষা ও ইসলামের দাওয়াতের কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।
আয়োজকরা মাহফিলকে সফল করতে সহযোগিতা ও অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের দ্বীনি আয়োজন সফল করতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
দ.ক/এমটিএস