মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

চুনারুঘাটে বেহাল রাস্তার দুর্ভোগে ৫০ হাজার মানুষ

  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬

মীর জুবাইর আলম: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ধলাঝাই, উছমানপুরসহ আশপাশের এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। স্থানীয়দের অভিযোগ, উপজেলার গুরুত্বপূর্ণ এই সড়কটির বেহাল অবস্থার কারণে শুধু যাতায়াতই নয়, সামাজিক জীবনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকি অনেক যুবক-যুবতীর বিয়ের সম্পর্কও ভেঙে যাচ্ছে।

এলাকার যুবক-যুবতীদের অভিভাবক ও স্বজনরা জানান, রাস্তার অত্যন্ত খারাপ অবস্থার কারণে অনেকেই এ এলাকায় আত্মীয়তার সম্পর্ক গড়ে তুলতে অনাগ্রহী। ফলে বিয়ের আলোচনা চূড়ান্ত পর্যায়ে গিয়েও ভেঙে যাচ্ছে বলে তারা দাবি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এটি চুনারুঘাট উপজেলা পরিষদের একটি গুরুত্বপূর্ণ সড়ক, যা দিয়ে প্রায় ৫০ হাজার মানুষ চলাচল করেন। বর্ষা মৌসুমে সড়কটি কাদা ও বড় বড় গর্তে ভরে যায়। এতে যানবাহন চলাচল তো দূরের কথা, অনেক সময় পায়ে হেঁটেও চলাচল করা কঠিন হয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় জরুরি চিকিৎসাসেবা পেতেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সহজে এলাকায় পৌঁছাতে না পারায় মাদকাসক্তি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে বলে দাবি করেন তারা।

অন্যদিকে, শিক্ষার্থীরাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কাদা ও ভাঙাচোরা রাস্তার কারণে অনেক শিক্ষার্থী নিয়মিত স্কুল-কলেজে যেতে পারছে না, ফলে তাদের লেখাপড়ায় নেতিবাচক প্রভাব পড়ছে।

এ অবস্থায় স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, রাস্তা সংস্কার হলে এলাকার মানুষের দুর্ভোগ কমবে, শিক্ষা, চিকিৎসা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং সামাজিক সম্পর্কও স্বাভাবিক হবে।

দ.ক/এম.জি.এ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews