
আসাদ ঠাকুর, অমনিবাস: হবিগঞ্জ জেলার চুনারুঘাটে ভার্চুয়ালি ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। “ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক”—বর্তমান সরকারের এই নির্বাচনী অঙ্গীকার ও প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর ক্ষমতায়ন এবং পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে তৃতীয় পর্যায়ের ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৭ জুন) বিকেল ৩টায় মৌলভীবাজার জেলা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ২০টি উপজেলায় একযোগে এই বিশেষ পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর এই ঘোষণার সাথে সামঞ্জস্য রেখে চুনারুঘাট উপজেলাতেও কর্মসূচিটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
এ উপলক্ষে বিকেল ২টায় উপজেলার চন্ডিছড়া খেলার মাঠে হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি.এম সরফরাজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস.এম ফয়সল ৩৭৯ জন সুবিধাভোগী পরিবারের হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আনোয়ার, ওসি মোঃ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক পৌর মেয়র নাজিম উদ্দিন শামসু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল করিম সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক শামছুল হক তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, যুগ্ন আহবায়ক সৈয়দ আবু নাঈম হালিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান আরিফ, যুগ্ন আহবায়ক শাহ নেওয়াজসহ জেলা- উপজেলা বিএনপি পরিবার ও স্থানীয় জনসাধারণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপকারভোগী চা শ্রমিক পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, হবিগঞ্জে প্রথমবারের মতো চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু হওয়ায় চা শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রকৃত যোগ্য ব্যক্তিদের চিহ্নিত করেই এই কার্ড বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে এই কর্মসূচির পরিধি আরও বিস্তৃত করা হবে।
দ.ক.সিআর.২৬