মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :

কামরুল উদ্দিন ইমন এর কবিতা ❝নিঃশব্দ প্রেম❞

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬

নিঃশব্দ প্রেম
কামরুল উদ্দিন ইমন

ভালোবাসি…
এই কথাটা বলতে বলতে
শব্দগুলো আজ ক্লান্ত।

এখন আর প্রমাণ দিই না,
শুধু সময়ের প্রতিটি নীরব মুহূর্তে
তোকে অনুভব করি।

সন্ধ্যার বাতাসেও যেন
তোর নামের মৃদু গন্ধ মিশে থাকে।
আমার অস্তিত্বের গভীরে
প্রতিদিন চলে এক গোপন উৎসব—
সেখানে আলো কম,
কিন্তু প্রেম অসীম।

তুই হয়তো জানিস না,
কত অদৃশ্যভাবে আমি তোকে বাঁচিয়ে রাখি—
চোখের তারায়,
ঘুমহীন রাতের ভাঁজে,
হঠাৎ থেমে যাওয়া নিঃশ্বাসে।

এখন আর “ভালোবাসি” বলি না,
কারণ শব্দের চেয়েও বড় হয়ে গেছিস তুই।
আমার প্রতিটি সময়ের ভেতর
নিঃশব্দে বয়ে চলা
এক অনন্ত অনুভূতি।

—সমাপ্ত—

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews