
মনির সরকার: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্ত ঘেঁষা রেমা চা বাগান এলাকার মানুষের দীর্ঘদিনের দুঃখ হয়ে দাঁড়িয়েছে খোয়াই নদী। নদীর ওপর একটি স্থায়ী সেতু না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত পারাপার হতে হচ্ছে হাজার হাজার মানুষকে। বিশেষ করে বর্ষা মৌসুমে এই দুর্ভোগ চরম আকার ধারণ করে।
বিপাকে চা শ্রমিক ও শিক্ষার্থীরা: রেমা চা বাগানের শ্রমিকরা জানান, প্রতিদিন কাজের প্রয়োজনে তাদের নদী পার হতে হয়। কিন্তু সেতু না থাকায় তারা সময়মতো কাজে যোগ দিতে পারেন না। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা। অনেক সময় ঝুঁকি নিয়ে নৌকা দিয়ে নদী পার হতে গিয়ে ছোটখাটো দুর্ঘটনার শিকার হতে হয় তাদের। অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও এই নদী একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর ধরে তারা এখানে একটি ব্রিজের দাবি জানিয়ে আসছেন। নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও কাজ হয়নি। বর্তমানে একটি স্থায়ী সেতুর অভাবে এই অঞ্চলের কৃষি পণ্য ও চা পাতা পরিবহনে খরচ এবং সময় দুটোই বাড়ছে।
স্থানীয় এক সচেতন নাগরিক বলেন, “রেমা চা বাগান এলাকাটি পর্যটন ও অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ। এখানে খোয়াই নদীর ওপর একটি ব্রিজ হলে শুধু আমাদের যাতায়াত সহজ হবে না, বরং পুরো এলাকার জীবনযাত্রার মান উন্নত হবে। আমরা কর্তৃপক্ষের কাছে অবিলম্বে এখানে একটি টেকসই সেতু নির্মাণের জোর দাবি জানাচ্ছি।”
দ.ক.সিআর.২৬