
ডা. রজত কান্তি সরকার: নাক দিয়ে রক্ত পড়া (Epistaxis) সাধারণত শুষ্ক বাতাস, নাক খোঁটা, আঘাত, অ্যালার্জি বা ঠান্ডা লাগার কারণে নাকের ভেতরের সূক্ষ্ম রক্তনালী ফেটে গিয়ে হতে পারে।
এছাড়া উচ্চ রক্তচাপ, রক্ত পাতলা করার ওষুধ (যেমন- অ্যাসপিরিন), বা নাকের কাঠামোগত সমস্যার কারণেও হতে পারে। এটি একটি সাধারণ সমস্যা হলেও, রক্তপাতের পরিমাণ বেশি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
নাক দিয়ে রক্ত পড়ার প্রধান কারণ—
শুষ্ক আবহাওয়া: শুষ্ক ও ঠান্ডা বাতাসে নাকের ভেতরের আস্তরণ শুকিয়ে ফেটে রক্তপাত হতে পারে।
নাক খোঁচানো বা আঘাত: নাকে আঙুল দেওয়া বা নাকে আঘাত লাগলে (বিশেষ করে শিশুদের ক্ষেত্রে) নাক দিয়ে রক্ত পড়তে পারে।
অ্যালার্জি ও ইনফেকশন: সাইনোসাইটিস, সাধারণ ঠান্ডা লাগা বা অ্যালার্জির কারণে নাক ফুলে গিয়ে রক্তনালী ছিঁড়ে নাক দিয়ে রক্ত পড়তে পারে।
ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া: অ্যাসপিরিন, ওয়ারফারিন বা ব্লাড থিনার জাতীয় ওষুধ নিয়মিত সেবন করলে রক্ত জমাট বাঁধার ক্ষমতা কমে যায়। এতে করে নাক দিয়ে রক্ত পড়তে পারে।
উচ্চ রক্তচাপ: হঠাৎ করে প্রেশার বেড়ে গেলে নাক দিয়ে রক্ত যেতে পারে।
নাকের গঠনগত সমস্যা: নাকের হাড় বাঁকা বা নাকের ভেতর পলিপ বা টিউমার থাকলে রক্ত পড়তে পারে।
ক্যান্সার হলে: ক্যান্সারের কারণে নাক দিয়ে রক্ত পড়তে পারে।
এছাড়াও জন্মগত কিছু সমস্যা নিয়ে শিশু জন্মগ্রহণ করলে নাক দিয়ে রক্ত পড়তে পারে। লিভারের সমস্যার জন্য এবং বিশেষ কিছু রক্তরোগের জন্যও কখনো কখনো নাক দিয়ে রক্ত যেতে পারে।
নাক দিয়ে হঠাৎ রক্ত পড়লে কী করবেন—
– নাক দিয়ে রক্ত পড়তে থাকলে রোগীকে একবারে সোজা হয়ে বসাতে হবে।মাথা সামনের দিকে কিছুটা ঝুঁকিয়ে রাখতে হবে। তবে মাথা পেছনে নেবেন না। তাতে রোগী রক্ত গিলে ফেলতে পারেন।
– নাকের নরম অংশ বা সামনের অংশ (nostrils) আঙুল দিয়ে ৫ মিনিট চেপে ধরে রাখলে রক্ত পড়া বন্ধ হয়ে যায়।
– নাক দিয়ে রক্ত পড়লে মুখ দিয়ে ধীরে শ্বাস নিতে হবে।
কখন ডাক্তারের কাছে যাবেন—
– বারবার চাপ দেওয়ার পরেও যখন রক্ত পড়া না থামে
– নাক দিয়ে খুব ঘন ঘন রক্ত পড়লে
– মাথা ঘোরা বা দুর্বল লাগলে
– বড় আঘাতের পর রক্ত পড়া শুরু হলে
– উচ্চ রক্তচাপ বা রক্তের রোগ থাকলে
– বাচ্চার বারবার নাক দিয়ে রক্ত পড়লে
প্রতিরোধের উপায়
– নাক খোঁটা এড়িয়ে চলুন
– ঘরের পরিবেশ আর্দ্র রাখুন
– নাক শুষ্ক হলে saline spray বা সামান্য ভ্যাসলিন ব্যবহার করুন
– উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন
– ঠান্ডা-অ্যালার্জি ঠিকমতো নিয়ন্ত্রণে রাখুন
– রক্তরোগ বা অন্যান্য রোগ থাকলে খুঁজে বের করে তার চিকিৎসা করানো
যেটি করা উচিত নয়
নাক দিয়ে রক্ত পড়লে আতঙ্কিত হওয়া যাবে না। এতে রক্ত পড়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে। নাক দিয়ে রকত্ত পড়লে বিশেষজ্ঞরা একটা বিশেষ পরীক্ষা করতে দেন; যার নাম- Nasoendoscopy। মানে একটা নাকের এন্ডোস্কপিক পরীক্ষা। এতে নাকের কোথা থেকে রক্ত এলো, নাকের গড়ন, নাকের ভেতর টিউমার আছে কিনা তা মুহূর্তের মধ্যে বোঝা সম্ভব হয়। এতে করে চিকিৎসকের চিকিৎসা করার কাজটা অনেকখানি সহজ হয়ে যায়।
ডা.রজত কান্তি সরকার
এমএস (ইএনটি), নাক কান গলা রোগ বিশেষজ্ঞ।
জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট, তেজগাঁও, ঢাকা।
ফোন নম্বর: 01710763851
দ.ক.সিআর.২৬