
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের আমুরোড বাজারে প্রায় দেড় কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছেন স্থানীয় সচেতন জনতা ও সাংবাদিকরা। আটককালে উপস্থিত জনতার ভিড়ের সুযোগ নিয়ে চতুর ওই মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও উদ্ধার করা গাঁজা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আমুরোড বাজার ও আশপাশ এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকের কারবার চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গোপন খবরের ভিত্তিতে স্থানীয় সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু ও আজিজুল হক নাসির সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে মাদকবিরোধী অবস্থান নেন। এ সময় প্রায় দেড় কেজি গাঁজাসহ ওই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে ধরে ফেলেন তারা।
তবে আটক পরবর্তী সময়ে আমুরোড বাজারে উৎসুক মানুষের হইচই ও হঠাৎ বড় ধরণের ভিড় সৃষ্টি হয়। সেই ভিড় ও চেঁচামেচির সুযোগ নিয়ে চতুর ওই মাদক ব্যবসায়ী কৌশলে চম্পট দেয়।
পরবর্তীতে স্থানীয় সচেতন জনগণ ও সাংবাদিকরা উদ্ধার হওয়া দেড় কেজি গাঁজা নিরাপদ হেফাজতে রেখে চুনারুঘাট থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক নাজির ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা উদ্ধারকৃত গাঁজা আনুষ্ঠানিকভাবে তার কাছে হস্তান্তর করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকাভুক্ত (সেজার লিস্ট) করা হয়েছে। ঘটনার সাথে জড়িত এবং কৌশলে পালিয়ে যাওয়া ওই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম ইতিমধ্যে অভিযান শুরু করেছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
সাংবাদিকদের এমন সাহসী পদক্ষেপ ও স্থানীয় জনতার সামাজিক সচেতনতামূলক এ ভূমিকা এলাকায় বেশ প্রশংসিত হচ্ছে। স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করছেন, দ্রুতই পলাতক আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
দ.ক.২৬