1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

মাধবপুরে ছাত্রদল নেতার ফেসবুক পোস্টকে ঘিরে নিন্দার ঝড়

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

 

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ইউনিয়ন ছাত্রদলের এক নেতার ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক ও নিন্দার ঝড় উঠেছে। বিভিন্ন প্রার্থীর ব্যানার খুলে ফেলার ইঙ্গিতপূর্ণ ওই পোস্টকে নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করছেন অনেকে।

অভিযুক্ত ছাত্রদল নেতার নাম জাবেদ আলী রাসেল। তিনি মাধবপুর উপজেলার বহরা ইউনিয়ন ছাত্রদলের নেতা বলে জানা গেছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে লেখেন—“আমাদের ঘোনাপাড়া এমন একটি গ্রাম, মাশাল্লাহ ধানের ব্যানার ছাড়া আর কোনো ব্যানার নেই। আজকে ফাইনাল করে দিছি।” ওই পোস্টের কমেন্টে মুসা আহমেদ অপু নামে এক ফেসবুক ব্যবহারকারী লেখেন, “চাচা, ঘোনাপাড়া বাজারে আমার বড়ই গাছে একটা ব্যানার এখনো রয়েছে, সেটা খোলা হয়নি।” পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে-বিপক্ষে নানা ধরনের মন্তব্য দেখা যায়।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, মাধবপুর উপজেলা ও বহরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ধানের শীষ প্রতীক ছাড়া অন্য প্রার্থীদের ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলা কিংবা চুরির ঘটনা ঘটছে। এসব বিষয়ে বিভিন্ন প্রার্থী আগেও একাধিকবার অভিযোগ করেছেন।
বিশেষ করে গিয়াস উদ্দিন তাহেরীর ‘মোমবাতি’ প্রতীকের ব্যানার বারবার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পাশাপাশি নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন সচেতন মহল।

এ বিষয়ে উপজেলা ও বহরা ইউনিয়নের বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মন্তব্য করতে রাজি হননি। তবে বিষয়টি খোঁজখবর নিয়ে দেখবেন বলে জানিয়েছেন।

অন্যদিকে অভিযুক্ত জাবেদ আলী রাসেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

গিয়াস উদ্দিন তাহেরীর কয়েকজন কর্মী অভিযোগ করে বলেন,“প্রায়ই আমাদের মোমবাতি প্রতীকের ব্যানার ছিঁড়ে ফেলা হয় বা খুলে নেওয়া হয়। আমরা এর কোনো বিচার পাচ্ছি না। এখন আবার একজন প্রকাশ্যে ফেসবুকে ঘোষণা দিল—এটি সুষ্ঠু নির্বাচনের জন্য বড় হুমকি।”

এ বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও জামায়াত জোটের হবিগঞ্জ-৪ এলাকার সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদের বাচ্চু। তিনি বলেন,“এটি অত্যন্ত দুঃখজনক। ঘটনা সত্য হলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নিতে হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে নিয়ন্ত্রণ করা উচিত।”

বিষয়টি নিয়ে মাধবপুরের ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহিদ বিন কাসেমকে জানানো হলে তিনি মন্তব্য করতে রাজি হননি।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট