
মানবহিতৈষী কাজের জন্য সম্মাননা স্মারক প্রদান একটি গুরুত্বপূর্ণ সম্মান। যারা মানবকল্যাণে কাজ করেন তাদের কাজের স্বীকৃতি দেয়া। যা কাজের প্রতি দায়বদ্ধতা বাড়ায় এবং অন্যদেরও মানবকল্যাণে উৎসাহিত করে।
এই লক্ষ্যে দৈনিক কালনেত্র স্থানীয় পর্যায়ে মানবিক কাজে বিশেষ অবদান রাখায়- ❝আহম্মদাবাদের মহৎ প্রাণ❞ হিসেবে ৩ ব্যক্তিকে নির্ধারণ করেছে।
কালনেত্রের জরিপে নির্বাচিতরা হলেন—
১) মোঃ তারা মিয়া, সুন্দরপুর, আহম্মদাবাদ, চুনারুঘাট
২) মাহমুদুল হাসান শিবলী ভূইয়া, কালিশিরি, আহম্মদাবাদ, চুনারুঘাট
৩) মোঃ বিল্লাল মিয়া, ঘনশ্যামপুর, আহম্মদাবাদ, চুনারুঘাট।
এক) আমাদের সমাজে এমন মানুষ প্রচুর—যাদের সংগ্রামের গল্প কখনো শিরোনামে আসে না। কিন্তু এরা আমাদের মানবিকতার আয়না।
চুনারুঘাট উপজেলর আহম্মদাবাদ ইউনিয়নের সুন্দরপুর গ্রামের কবর খোড়ার কারিগর মো: তারা মিয়া বিনা পারিশ্রমিকে প্রায় দুই হাজারেরও অধিক কবর খনন করে আসছেন।
৮০ উর্ধ্বো এই মানুষটার অনাড়ম্বর জীবন আর ঈমানের প্রতি দৃঢ়তা স্মরণীয় মানবিক গল্প হিসেবে আমাদের মাঝে চিরকাল থেকে যাবে। মহান এই মানুষটির প্রতি কালনেত্র এর শ্রদ্ধা।
দুই) জনাব মাহমুদুল হাসান শিবলী ভূইয়া চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরি গ্রামের তরুণ যুবকদের হৃদয়ে পরিবর্তনের আবহ তৈরির এক কারিগর। এরই পরিপ্রেক্ষিতে একঝাঁক উদ্যমী তরুণ যুবকদের নিয়ে যাত্রা শুরু করে কালিশিরি হিউম্যান সার্ভিস ফাউন্ডেশন। স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠালগ্নের পর থেকেই শিবলী ভূইয়ার ছোঁয়ায় সদস্যদের তারুণ্যদীপ্ত উদ্যম, একাগ্রতা ও অদম্য ইচ্ছাশক্তির জোরে ক্রমান্বয়ে সেবার পরিধি ব্যাপকভাবে বিস্তৃত হতে থাকে। সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের বিভিন্ন শিক্ষার উপকরণ বিতরণ, ঈদে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদান, মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ, পাঠাগারে বই বিতরণ, রোজাদারদের মাঝে ইফতার, বৃক্ষরোপণ কর্মসূচি, গাছের চারা বিতরণসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনসহ জাতীয় দিবসগুলোতে নানা কর্মসূচি পালন করে উপজেলার সাধারণ মানুষের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে একসময়। যার মূলে প্রেরণা ও অর্থের যোগান দিতেন মাহমুদুল হাসান শিবলী ভূইয়া।
এছাড়াও কালিশিরির অস্বচ্ছল ছাত্রছাত্রীদের পড়ালেখায় আর্থিক সহযোগীতা করে শিক্ষাপ্রসারেও তার অবদান অসামান্য ভুমিকা লক্ষণীয়। এবং আর্থিক টানাপোড়নে থাকা কালিশিরির অসংখ্য ব্যক্তি ও পরিবার তার সহযোগীতায় উপকৃত হয়েছেন।
মাহমুদুল হাসান শিবলী ভূইয়ার সামাজিক উন্নয়নে বিশেষ এই অবদানের পথচলাকে মূল্যায়িত করতে চায় দৈনিক কালনেত্র।
তিন) চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের শ্রদ্ধেয় মানিক হাজী সাহেবের কনিষ্ট পুত্র মো: বিল্লাল মিয়া পেশায় একজন মধ্যপ্রাচ্য প্রবাসী। দীর্ঘদিন ধরে তিনি বাহরাইনে ইনভেস্টর ভিসায় বসবাস করছেন। কৈশোর শেষে প্রবাসে চলে যাওয়ায় খুব একটা পরিচিত ছিলেন না তিনি। তবে সম্প্রতি তার কিছু কর্মকান্ড মোঃ বিল্লাল মিয়াকে একটি মানবিক পরিচিতি গড়ে দিয়েছে।
মোঃ বিল্লাল মিয়া বিগত এক বছরে ৯টি মসজিদের নির্মাণ কাজে আর্থিক সহযোগিতা করেছেন। ১৩টির অধিক দরিদ্র মেয়ের বিবাহে অর্থের যোগান দিয়েছেন। প্রায় ৩৫ টিরও অধিক রোগীকে চিকিৎসা সহায়তা প্রদান করেছেন। এছাড়াও তিনি অভাবগ্রস্থ নিকট আত্মীয়, পরিচিত স্বজন সহ প্রতিবেশী অনেককেই আর্থিক সহযোগিতা করে আসছেন।
আমরা তাদের মানবহিতৈষী এসব কাজের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করতে এই উদ্যোগ নিয়েছি।
দ.ক.সিআর.২৫