
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পানছড়ি এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত পাঁচটি মেশিন ও পাইপ ধ্বংস এবং একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত পানছড়ি এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, পানছড়িতে রিসোর্ট-সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত পাঁচটি মেশিন ও পাইপ ধ্বংস করা হয় এবং বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দ করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে চুনারুঘাট উপজেলার সর্বত্র অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান অব্যাহত থাকবে।
কালনেত্র