
চুনারুঘাট উপজেলার সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে গাছ কাটার সময় দুই ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ২৭ ঘনফুট আকাশমণি কাঠ ও একটি নম্বরবিহীন ট্রাক্টর জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন, চুনারুঘাট উপজেলার শাহপুর এলাকার মো. খোকন মিয়া (৩৩) ও সুমন মিয়া (৩০)।
সোমবার (২ নভেম্বর) ভোরে উপজেলার রঘুনন্দন রেঞ্জের শাহপুর বিটের ডেওয়াতলী ক্যাম্প সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শাহপুর বিটের বিট কর্মকর্তা রতিন্দ্র কিশোর রায়ের নেতৃত্বে বন বিভাগের একটি দল এ অভিযান পরিচালনা করে।রাজনৈতিক খবর পড়ুন
বন বিভাগ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা ভোরে শাহপুর বিটের সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ কেটে ট্রাক্টরযোগে কাঠ নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় বন কর্মকর্তারা অভিযান চালিয়ে তাদের আটক করেন। পরে ঘটনাস্থল থেকে কেটে নেওয়া ২৭ ঘনফুট আকাশমণি কাঠ ও নম্বরবিহীন ট্রাক্টরটি জব্দ করা হয়।
বনবিভাগের সহকারী বন সংরক্ষক মাহদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিরা ভোরে শাহপুর বিটের সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছিলেন। বন বিভাগের অভিযানকালে তাদের আটক করা হয়। পরে আইনগত ব্যবস্থা শেষে সোমবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
কালনেত্র