
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বী যুবকদের পাশে পূজার উপহার নিয়ে দাঁড়িয়েছেন সৌদি আরব প্রবাসী রাসেল আহমেদ। তাঁর উদ্যোগে এলাকার বিভিন্ন পূজামণ্ডপে ১ হাজার টি-শার্ট বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে আমু চা বাগান, নালুয়া চা বাগান ও ডুলনা চা-বাগানসহ আহম্মদাবাদ ইউনিয়নের প্রায় ৮টি পূজামণ্ডপে এসব পোশাক বিতরণ করা হয়।
রাসেল মিয়া ঘনশ্যামপুর চেয়ারম্যান বাড়ির সাবেক মেম্বার আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে। যিনি প্রায়ই বিভিন্ন উপলক্ষে প্রবাস থেকে এলাকার যুবকদের জন্য উপহার পাঠিয়ে থাকেন। সমাজসেবক হিসেবেও যার রয়েছে বিস্তর সুনাম।
এ বছর শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যেই রাসেল আহমেদের এ উদ্যোগ বলে জানা গেছে। তাঁর এই মানবিক উদ্যোগকে স্থানীয়ভাবে ইতিবাচক দৃষ্টিতে দেখা হচ্ছে।
পোশাক বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জনাব জাকির হোসেন পলাশ।
ধর্মীয় উৎসবে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন চেয়ারম্যান জাকির হোসেন পলাশ।
দ.ক.২৬