
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বিশগাঁও ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সুজয় কুমার দাশের বিরুদ্ধে নিজের খেয়াল-খুশিমতো অফিস করার অভিযোগ উঠেছে। এতে ভূমি-সংক্রান্ত সেবা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন বলে অভিযোগ করেছেন কয়েকজন সেবাগ্রহীতা।
সেবাগ্রহীতাদের অভিযোগ, মঙ্গলবার (১৮ আগস্ট) তারা ভূমি-সংক্রান্ত কাজে বিশগাঁও ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সুজয় কুমার দাশকে অফিসে পাননি। ফলে প্রয়োজনীয় সেবা না পেয়ে তাদের ফিরে যেতে হয়।
এ বিষয়ে অফিসের তহশিলদার মঈনুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, সুজয় কুমার দাশ ছুটিতে যাচ্ছেন। তবে ওই সময় তার ছুটির কোনো লিখিত আবেদন বা অনুমোদনের কাগজ দেখাতে পারেননি বলে জানা গেছে।
এদিকে সুজয় কুমার দাশের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের সঙ্গে অশুভ আচরণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগও উঠেছে।
ভূমি অফিসে সেবা নিতে আসা কয়েকজনের দাবি, কর্মকর্তার দেরিতে অফিসে আসা এবং অনিয়মিত উপস্থিতির কারণে কাঙ্ক্ষিত সেবা পাওয়া যাচ্ছে না।
সেবাগ্রহীতারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সুজয় কুমার দাশের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি।
এছাড়া আমুরোড গরু বাজারের খাস কালেকশনের দায়িত্ব পালনেও নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি বিক্রেতার রওয়ানা ছাড়াই গরু বিক্রির রশিদ দিয়ে থাকেন ক্রেতাদের । এতে ভারতীয় ও চোরাই গরু আমুরোড বাজার হয়ে সহসাই পাচার হচ্ছে দেশের নানা প্রান্তে।
স্থানীয়রা জানান, গরু পাইকারদের নানা ধরনের সুবিধা প্রদানে সুজয় কুমার দাস মোটা অংকের সুবিধা নিয়ে আসছেন দীর্ঘদিন। ফলে চোরাই পথে আসা ভারতীয় গরুর সয়লাভ এ বাজারে।
দ.ক.সিআর.২৬