
চুনারুঘাট উপজেলার সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী আমুরোড বাজার আজ অবহেলা আর দুর্ভোগের প্রতীক। উপজেলায় সর্বোচ্চ টাকায় ইজারা ওঠা এই বাজারে গত দুই বছরের বেশি সময় ধরে নেই কোনো নির্বাচিত বাজার কমিটি। ফলে ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে, খালে জমেছে ময়লা-আবর্জনা, আর ব্যবসায়ীরা পড়েছেন চরম কষ্টে।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, ২০১৮ সালে শেষবার বাজার কমিটির নির্বাচন হয়। দুই বছরের মেয়াদ ২০২৩ সালে শেষ হলেও এখন পর্যন্ত নতুন কমিটি গঠন করা হয়নি। নির্বাচনের সময় যারা প্রতিশ্রুতি দিয়েছিলেন তারাও দায়িত্ব পালন করেননি।
প্রতিশ্রুতি ছিল, বাস্তবায়ন নেই: নির্বাচনের আগে প্রার্থীরা ইশতেহারে বলেছিলেন, নির্বাচিত হলে ব্যবসায়ীদের জন্য নিজের জায়গায় টয়লেট নির্মাণ ও ড্রেন পরিষ্কার রাখবেন, যানজট নিরসন করবেন, বাজারে ডাস্টবিন স্থাপন করবেন। এবং বাজার কে সিসি ক্যামেরার আওতায় আনবেন, কিন্তু ব্যবসায়ীদের ভাষ্য, এর কিছুই বাস্তবায়ন হয়নি।
বর্তমানে বাজারের চারপাশে ময়লা-আবর্জনার স্তূপ, দুর্গন্ধ আর জলাবদ্ধতা নিত্যসঙ্গী। প্রতিদিন সকাল-বিকাল মালবাহী গাড়ির লোড-আনলোডের কারণে সৃষ্টি হয় তীব্র যানজট।
ব্যবসায়ীদের আকুল আবেদন: আমুরোড বাজারের ব্যবসায়ী ও আহম্মদাবাদ ইউনিয়নের হাজারো মানুষের দাবি, দ্রুত বাজার কমিটি গঠন, খাল খন ও ডাস্টবিন স্থাপন করতে হবে। প্রয়োজনে প্রতিটি ব্যবসায়ী চাঁদা দিতে রাজি আছেন।
তারা চুনারুঘাট-মাধবপুর উপজেলার, সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল এর কাছে, সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন, এবং উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।
ব্যবসায়ীদের ভাষ্য, “আমরা শুধু ইশতেহার চাই না, কাজ চাই। বাজার বাঁচলে ব্যবসা বাঁচবে, মানুষ বাঁচবে।”
এ বিষয়ে বর্তমান মেয়াদ উত্তোলন কমিটির দায়িত্বশীলদের বক্তব্য পাওয়া যায়নি।