
চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, বিএনপি সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। তাই মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং দেশের সার্বিক উন্নয়ন অব্যাহত রাখাই সরকারের প্রধান অঙ্গীকার। জনগণ যেন নিরাপদে বসবাস করতে পারে এবং নিশ্চিন্তে রাতের ঘুম ঘুমাতে পারে, সে পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যারা সমাজে অস্থিরতা, বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় চুনারুঘাট উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি সৈয়দ মো. ফয়সল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার গত পাঁচ মাসে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক নিরাপত্তা এবং অবকাঠামো উন্নয়নে একযোগে কাজ চলছে। তবে সাম্প্রতিক টানা বর্ষণ ও বন্যার কারণে দেশের বিভিন্ন স্থানের মতো হবিগঞ্জ জেলারও অনেক জাতীয়, আঞ্চলিক ও গ্রামীণ সড়ক, সেতু এবং অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক তালিকা প্রস্তুত করে দ্রুত সংস্কার ও পুনর্নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও বলেন, সরকার পরিবার কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিশেষ প্রকল্পও চালু করা হয়েছে। এসব উদ্যোগের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকলে উন্নয়নের সুফল পুরোপুরি ভোগ করা সম্ভব হবে না। তাই অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সেক্রেটারি মীর সিরাজ, অধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার,চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরীসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্য ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নির্মূল, সড়ক নিরাপত্তা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্বাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
দ.ক.সিআর.২৬