মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল

হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা”

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

তোমার শিল্প, আমার কলা

রাজ্যের নাম কলাতলীচন্দ্রপুরী। সেখানে ছিল এক মহান প্রতিষ্ঠান “মহারসী রাজকলা দপ্তর”। নাম শুনে সবাই ভাবত, এখানে নিশ্চয়ই শিল্পের পূজা হয়। পরে দেখা গেল, শিল্প হলো তিননম্বর হাত, আসল পূজা হয় কলাকে ঘিরে।

দরবারের সবচেয়ে প্রভাবশালী সভাসদ ছিল শেয়াল মহামশাই লেজেন্দ্রনাথ। তার গলায় সব সময় ঝুলত “মহাশিল্পবন্ধু” লেখা এক বিশাল ফলক। কেউ জিজ্ঞেস করলে, “আপনি কী শিল্প করেন?” তিনি কাশি দিয়ে বলতেন,
“আমি শিল্প করি না, শিল্প ও শিল্পীকে বাঁচিয়ে রাখি, পরিচর্যা করি, অবহেলিত সংস্কৃতির গান গাই!”

কেউ কোনোদিন তাঁকে গান গাইতে, নাটক করতে বা কবিতা পড়তে দেখেনি। তবে মঞ্চে উঠতে দেখেছে সবার আগে, আর নামতে দেখেছে সবার শেষে।

দরবারের আরেক বিস্ময় ছিল বানর মহামোহরাধ্যক্ষ কলাধর। তার কোমরে ঝুলত একগুচ্ছ সিলমোহর। যে কাগজে সে মোহর মারত, সেটি আর কখনও সোজা পথে চলত না। ফাইল আগে যেত ডানদিকে, তারপর বাঁদিকে, তারপর উল্টো হয়ে আবার প্রথম টেবিলে ফিরে আসত। বানর বলত,

“ইহাই তো দেখতাছি প্রকৃত রাজকীয় পরিচলন প্রক্রিয়া।”
একদিন গাধা গীতিকার, কোকিল গায়িকা আর হরিণ নৃত্যশিল্পী দরবারে এল।
এবার গাধা বলল, “মহারাজ, আমরা একটি নাটক করতে চাই।”

শেয়াল লেজেন্দ্রনাথ বললেন: “অবশ্যই! আগে আমার প্রশংসায় চার পৃষ্ঠা লিখে আনো।”
কোকিল বলল: “আমি গান গাইব।”
বানর বলল; “গান পরে হবে। আগে উদ্বোধনী ছবিতে হাসতে শিখুন।”
হরিণ বলল: “মঞ্চটা একটু মেরামত দরকার।”
শেয়াল হেসে বলল: মঞ্চ ভাঙা থাকলে শিল্প আরও বাস্তব লাগে!”

দরবারে ছিল টিয়া ঘোষক। সে প্রতিদিন একই ঘোষণা দিত,
“মহাশিল্পোন্নয়নের স্বার্থে আজকের সভা আগামীকালের জন্য স্থগিত করা হলো।”

এই ঘোষণা এতবার হলো যে একদিন টিয়াই ভুলে গেল আজ কী বার।
এদিকে ভালুক ভাণ্ডাররক্ষক রাজভাণ্ডারের সামনে বসে কলা খাচ্ছিল। কেউ জিজ্ঞেস করল,

“ভাণ্ডারে কী আছে?”
সে বলল,
“গোপন শিল্প।”
“দেখা যাবে?”
“না, দেখলে আর গোপন থাকবে কেন?”

একদিন খবর এল, সিংহসম্রাট গর্জনেন্দ্র বাহাদুর নিজে পরিদর্শনে আসবেন। সঙ্গে সঙ্গে রাজকলা দরবারে তোলপাড়। ভাঙা দেয়ালে রঙ লাগানো হলো শুধু যেখানে সম্রাটের চোখ পড়তে পারে। শুকনো ফুলে পানি ছিটিয়ে বলা হলো “এই তো ফুটেছে!”

শেয়ালনাথ আয়নার সামনে দাঁড়িয়ে তিন রকম হাসি অনুশীলন করল “দাঁত দেখা হাসি” “বিনয়ী হাসি আর ‘আমি কিছুই জানি না’ হাসি। এতোদিন সবাই জানতো বেয়াক্কলের তিন হাসি, এখন জানে সবাই শেয়ালনাথের তিন হাসি

বানর কলাধর সিলমোহরগুলো পালিশ করে এমন চকচকে করল যে সেগুলোতেই নিজের মুখ দেখা যায়।সম্রাট এলেন।
তিনি জিজ্ঞেস করলেন: “শিল্পচর্চা কেমন চলছে?”
শেয়াল সঙ্গে সঙ্গে বিশাল অ্যালবাম খুলে ধরল।
:“এই দেখুন, আমার বক্তৃতা, শিল্পবোদ্ধা ।”
আরেক পাতা।
“এই দেখুন, আমাকে মালা পরানো হচ্ছে।”
আরেক পাতা।
“এই দেখুন, আমি নিজেই নিজের স্মারক গ্রহণ করছি।”
সম্রাট অবাক হয়ে বললেন, “শিল্পীরা কোথায়?”
শেয়াল একটু থেমে বলল, “ওরা ছবির বাইরে আছে, মহারাজ।”
ঠিক তখন পেছন থেকে বৃদ্ধ পেঁচা কাশতে কাশতে বলল,
“মহারাজ, এখানে শিল্পীরা বাইরে থাকে, আর ছবিগুলো ভেতরে।”

দরবারে হঠাৎ নীরবতা। সম্রাট কিছুক্ষণ চারদিকে তাকিয়ে বললেন,

“তোমাদের রাজকলা দরবারে শিল্প কোথায়?”
বানর বিনীতভাবে উত্তর দিল,
“শিল্প তো শেয়াল মহাশয়ের। আমরা শুধু… কলাটা সামলাই।”
শেয়াল সঙ্গে সঙ্গে যোগ করল,
“হ্যাঁ মহারাজ, তোমার শিল্প, আমার কলা, এই নীতিতেই তো দরবার চলে!”
সেদিন থেকে কদলিপুরে নতুন প্রবাদ চালু হলো:

যেখানে শিল্পের চেয়ে উদ্বোধনের ফিতা বেশি কাটা হয়,
যেখানে সাধনার চেয়ে স্মারক আর ফুলের তোড়ার হিসাব বড় হয়ে ওঠে,
যেখানে করতালির চেয়ে করমর্দনের ছবি বেশি তোলা হয়,
যেখানে শিল্পীর ঘাম নয়, সভাসদের হাসিই যোগ্যতার মাপকাঠি,
যেখানে মঞ্চের আলো নিভে যায়, কিন্তু ব্যানারের মুখ উজ্জ্বল থাকে,
যেখানে প্রতিভা অপেক্ষা করে দরজায়, আর তোষামোদ ঢুকে পড়ে সিংহদ্বার দিয়ে,
সেখানে শিল্প ধীরে ধীরে নির্বাসনে যায়, বিবেক নীরব হয়ে পড়ে,
আর কলা! সে তো প্রতিদিনই পাকে; কখনও ভাণ্ডারে, কখনও ফাইলে, কখনও প্রশংসার মালার আড়ালে।

-হাবিব খোকন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews