মনির সরকার চুনারুঘাট: দেশ স্বাধীনের ৫৪ বছর পার হয়ে গেলেও ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি চুনারুঘাট উপজেলার ১ নং গাজীপুর ইউনিয়নের রেমা চা বাগান এলাকার মানুষের। খোয়াই নদীর ওপর একটি মাত্র ব্রিজের অভাবে চরম দুর্ভোগে দিন কাটছে হাজারো মানুষের।
নির্বাচন এলে নেতা আসেন, মন্ত্রী আসেন, প্রতিশ্রুতির ফুলঝুরি ছোটান। কিন্তু ভোট পার হলেই সবাই ভুলে যান চা শ্রমিক ও স্থানীয় সাধারণ মানুষের কষ্টের কথা।
গর্ভবতী ও মুমূর্ষু রোগী: একটি ব্রিজের অভাবে সময়মতো অ্যাম্বুলেন্স বা কোনো যানবাহন গ্রামে প্রবেশ করতে পারে না। ফলে প্রসব বেদনা ওঠা গর্ভবতী মা কিংবা গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া এক প্রকার যুদ্ধ জয়ের শামিল। অনেক সময় পথেই রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে।
শিক্ষার্থীদের স্বপ্নভঙ্গ: এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী ছাত্র-ছাত্রীদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে হয়। বর্ষাকালে নদী যখন ফুঁসে ওঠে, তখন শিক্ষার্থীদের যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে ব্যাহত হচ্ছে শিক্ষার আলো।
বৃদ্ধ ও সাধারণ মানুষ: বয়োবৃদ্ধ ও শিশুরা নিত্যপ্রয়োজনীয় কাজ বা চিকিৎসার জন্য উপজেলা সদরে যেতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
আমরা কি এই দেশের নাগরিক নই? বছরের পর বছর শুধু আশ্বাসই পেয়ে গেলাম, কিন্তু আমাদের যাতায়াতের কষ্ট দূর হলো না।” — ক্ষোভ ও চোখে জল নিয়ে কথাগুলো বলছিলেন রেমা চা বাগানের এক বয়োবৃদ্ধ বাসিন্দা।
রেমা চা বাগান এলাকার এই দীর্ঘদিনের দুর্ভোগের স্থায়ী সমাধানের জন্য স্থানীয় প্রশাসন, এলজিইডি (LGED) এবং মাননীয় সংসদ সদস্যের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী সাধারণ মানুষ। আর কতকাল অবহেলিত থাকবে এই জনপদ? অবিলম্বে খোয়াই নদীর ওপর একটি টেকসই ব্রিজ নির্মাণের দাবি এখন গণদাবিতে পরিণত হয়েছে।
দ.ক.সিআর.২৬