1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে হবিগঞ্জ জেলার অবস্থা পর্যালোচনা

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬

 

স্টাফ রিপোর্টার: ৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন এবং এর লঙ্ঘনের বর্তমান চিত্র সিভিল সোসাইটি প্রতিনিধিবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের সাথে অবহিত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ “শেয়ারিং মিটিং” অনুষ্ঠিত হয়।

উক্ত সভার আইয়োজন করে সেবা এবং এতে সহযোগিতা প্রদান করে WBB Trust ও বাংলাদেশ তামাক বিরোধী জোট। সভাটি চুনারুঘাট প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।

সভায় সেবা’র প্রতিষ্ঠাতা ও পরামর্শক জনাব ডাঃ মোহাম্মদ আব্দুল মোছাব্বির-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি জনাব ফারুক আহমেদ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ, চুনারুঘাট প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় সিভিল সোসাইটির প্রতিনিধিরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ খালিদ হাসান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যের মাধ্যমে সভার উদ্দেশ্য তুলে ধরা হয়। বক্তারা বলেন, বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণে আইন বিদ্যমান থাকলেও অনেক ক্ষেত্রে এর যথাযথ বাস্তবায়ন দেখা যায় না। বিশেষ করে জনসমাগমপূর্ণ স্থান, শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকা, বাজার ও গণপরিবহন এলাকায় তামাকজাত দ্রব্যের ব্যবহার ও বিক্রয় এখনও একটি বড় সমস্যা হিসেবে রয়ে গেছে। তামাকের ক্ষতিকর প্রভাব শুধু ব্যক্তির স্বাস্থ্যের জন্য নয়, বরং পরিবার ও সমাজের জন্যও মারাত্মক ক্ষতিকর। তাই তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকরভাবে বাস্তবায়নের জন্য সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।

পরবর্তীতে মোঃ খালিদ হাসানের পরিচালনা ও উপস্থাপনায় হবিগঞ্জ জেলার তামাক ব্যবহারের বর্তমান অবস্থা এবং আইন লঙ্ঘনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। তিনি সাম্প্রতিক সময়ে পরিচালিত একটি জরিপের ফলাফল উপস্থাপন করেন, যা সেবা কর্তৃক WBB Trust ও বাংলাদেশ তামাক বিরোধী জোট-এর সহযোগিতায় হবিগঞ্জ জেলায় পরিচালিত হয়। এই জরিপের মাধ্যমে জেলার বিভিন্ন পাবলিক স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার এবং পরিবহন এলাকায় তামাক নিয়ন্ত্রণ আইনের বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।

জরিপের ফলাফলে দেখা যায়, অনেক স্থানে এখনও প্রকাশ্যে ধূমপান করা হচ্ছে এবং কিছু ক্ষেত্রে তামাকজাত দ্রব্য বিক্রির ক্ষেত্রে আইনগত বিধিনিষেধ যথাযথভাবে মানা হচ্ছে না। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের আশেপাশে তামাকজাত দ্রব্যের দোকান এবং অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাক বিক্রির বিষয়টি উদ্বেগজনক হিসেবে উল্লেখ করা হয়। পাশাপাশি অনেক স্থানে সতর্কীকরণ সাইনবোর্ডের অভাব রয়েছে এবং ধূমপানমুক্ত এলাকা ঘোষণার পরও তা কার্যকরভাবে বাস্তবায়নের ক্ষেত্রে ঘাটতি পরিলক্ষিত হয়েছে বলে জরিপে উঠে আসে।

উপস্থাপনার পর উপস্থিত সাংবাদিকবৃন্দ, শিক্ষক এবং সিভিল সোসাইটির প্রতিনিধিরা তাদের মূল্যবান মতামত প্রদান করেন। তারা বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের জন্য শুধুমাত্র প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়; বরং গণমাধ্যম, শিক্ষক সমাজ, সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। উপস্থিত গণমাধ্যমকর্মীরা প্রতিশ্রুতি দেন যে, তারা এ বিষয়ে সচেতনতামূলক সংবাদ ও প্রতিবেদন প্রকাশের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখবেন।
চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি জনাব ফারুক আহমেদ তার বক্তব্যে বলেন, তামাক একটি নীরব ঘাতক, যা ধীরে ধীরে মানুষের জীবনকে বিপন্ন করে তোলে। তিনি তামাক নিয়ন্ত্রণ আইন যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলোর আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

সেবার প্রতিষ্ঠাতা ও পরামর্শক ডাঃ মোহাম্মদ আব্দুল মোছাব্বির বলেন, তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সমাজের সর্বস্তরের মানুষকে আরও সচেতন করে তুলতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে তামাকের ভয়াবহতা সম্পর্কে জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন যে, এ ধরনের শেয়ারিং মিটিং তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা পালন করবে।

সভায় উপস্থিত অন্যান্য বক্তারাও তামাকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, তামাকের ব্যবহার কমাতে হলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও গণআন্দোলন গড়ে তোলাও অত্যন্ত প্রয়োজন।

সবশেষে সভায় উপস্থিত সকলেই নিজ নিজ অবস্থান থেকে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও জোরদার করার মাধ্যমে একটি সুস্থ, সচেতন ও তামাকমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট