1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মাধবপুরে পাঁচ হাফেজকে পাগড়ী প্রদান উপবৃত্তি পাবে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী, ব্যাংক হিসাব খোলার নির্দেশ উপবৃত্তি পাবে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী, ব্যাংক হিসাব খোলার নির্দেশ কিশোর গ্যাং ও নাশকতা ঠেকাতে দেশজুড়ে গঠন হচ্ছে ৩ স্তরের কমিটি সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল  চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার সূর্যগ্রহণ ও কুসংস্কার: সত্য ও যুক্তির আলোকে প্রাকৃতিক ঘটনার এক অনন্য বিশ্লেষণ বন মামলার আসামি হয়েও বন বিভাগের টেন্ডারে কৃষকলীগ নেতা সোহাগ! চুনারুঘাট উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমীর ইদ্রিস আলী ও সেক্রেটারি ফুয়াদ হাসান

সূর্যগ্রহণ ও কুসংস্কার: সত্য ও যুক্তির আলোকে প্রাকৃতিক ঘটনার এক অনন্য বিশ্লেষণ

মোস্তফা মোরশেদ
  • প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মানবসভ্যতার ইতিহাসে প্রকৃতির বিভিন্ন ঘটনা মানুষকে বিস্মিত, উদ্বিগ্ন ও কখনো কখনো ভীত করেছে। সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ তার অন্যতম। আধুনিক বিজ্ঞানের অগ্রগতির আগে এসব ঘটনা সম্পর্কে মানুষের জ্ঞান ছিল সীমিত। ফলে অনেক সমাজে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণকে অশুভ সংকেত, দেবতাদের অসন্তুষ্টি, রাজা-বাদশাহর বিপদ কিংবা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির জন্ম-মৃত্যুর সঙ্গে সম্পর্কিত করে দেখা হতো। প্রকৃতির নিয়মিত ঘটনাকে মানুষের জীবন ও ভাগ্যের সঙ্গে যুক্ত করার প্রবণতা থেকে নানা ধরনের কুসংস্কারের জন্ম হয়েছে।

ইসলামের ইতিহাসে এ বিষয়ে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা রয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর পুত্র ইবরাহীমের মৃত্যুর দিন সূর্যগ্রহণ হয়েছিল। স্বাভাবিকভাবেই ঘটনাটি মানুষের মধ্যে আলোচনার জন্ম দেয়। কেউ কেউ বলতে শুরু করেন, ইবরাহীমের মৃত্যুর কারণেই সূর্যগ্রহণ হয়েছে। মুহাম্মদের (সা.) পুত্র শোকে সূর্যও নিজেকে আড়াল করেছে। বিষয়টি আবেগপ্রবণ মানুষের কাছে বিশ্বাসযোগ্যও মনে হতে পারে। কারণ, একই দিনে দুটি অসাধারণ ঘটনা ঘটেছে; একদিকে নবীজির সন্তান হারানোর শোক, অন্যদিকে সূর্যের আলো অস্বাভাবিকভাবে আচ্ছন্ন হয়ে পড়া। কিন্তু মহানবী (সা.) এ প্রচলিত ধারণাকে সমর্থন করেননি। বরং অত্যন্ত স্পষ্টভাবে এর প্রতিবাদ করে বলেছেন, সূর্য ও চন্দ্র কারও মৃত্যু বা জন্মের কারণে গ্রহণগ্রস্ত হয় না। এগুলো আল্লাহর নিদর্শন। তোমরা যখন গ্রহণ দেখবে, তখন সালাত আদায় করবে এবং আল্লাহর কাছে দোয়া করবে। এ বর্ণনাটি সহিহ বুখারি ও সহিহ মুসলিমে সংকলিত হয়েছে (সহিহ বুখারি, হাদিস ১০৪৩; সহিহ মুসলিম, হাদিস ৯১৫। তবে সংস্করণভেদে নম্বরের পার্থক্য হতে পারে।)
ঘটনাটিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যায়। তবে এ লেখায় ব্যবহৃত বিস্ময়সূচক চিহ্নগুলো (!) গুরুত্ব দিয়ে পড়তে ও বুঝতে হবে।
প্রথমত, ব্যক্তিগত শোকের ঊর্ধ্বে সত্য প্রতিষ্ঠা
ঘটনাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, মহানবী (সা.) তখন নিজেই সন্তান হারানোর গভীর শোকের মধ্যে ছিলেন। একজন পিতার জন্য সন্তানের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক। এমন পরিস্থিতিতে মানুষের আবেগকে কেন্দ্র করে প্রচলিত কোনো ধারণাকে মেনে নেওয়া তাঁর পক্ষে কঠিন ছিল না! বরং লোকজনের কথায় সম্মতি দিলে তাঁর ব্যক্তিগত শোকের সঙ্গে একটি অলৌকিক ব্যাখ্যা যুক্ত হতো, যা সাধারণ মানুষের কাছে তাঁর মর্যাদা আরও বাড়িয়ে দিতে পারত! কিন্তু তিনি তা করেননি। নিজের ব্যক্তিগত আবেগ, সামাজিক প্রতিক্রিয়া কিংবা মানুষের প্রশংসার সম্ভাবনাকে সত্যের ওপর স্থান দেননি। বরং প্রচলিত ভুল ধারণাকে সংশোধন করেছেন।
এখানে নেতৃত্বের একটি মৌলিক শিক্ষা রয়েছে। প্রকৃত নেতৃত্বের দায়িত্ব শুধু অনুসারীদের আবেগকে ধারণ করা নয়; বরং প্রয়োজন হলে তাদের ভুল ধারণা সংশোধন করাও। জনপ্রিয়তা অর্জনের জন্য মানুষের বিশ্বাসকে ব্যবহার করা সহজ, কিন্তু সত্য প্রতিষ্ঠার জন্য কখনো কখনো সে বিশ্বাসের বিরুদ্ধেও অবস্থান নিতে হয়। এ দৃষ্টিকোণ থেকে ঘটনাটি শুধু একটি ধর্মীয় নির্দেশনা নয়; এটি নৈতিক নেতৃত্ব, বুদ্ধিবৃত্তিক সততা এবং সত্যনিষ্ঠতারও অনন্য উদাহরণ।
দ্বিতীয়ত, কুসংস্কারের বিরুদ্ধে যুক্তি ও বৈজ্ঞানিক চিন্তা
আধুনিক বিজ্ঞানের ভাষায় সূর্যগ্রহণ একটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। এসব ঘটনার পেছনে রয়েছে নির্দিষ্ট মহাজাগতিক অবস্থান, গতি ও কক্ষপথের নিয়ম। কোনো ব্যক্তির জন্ম বা মৃত্যু এসব ঘটনার কারণ নয়। এখানে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়। মহানবী (সা.) শুধু একটি ভুল বিশ্বাসকে প্রত্যাখ্যান করেননি; বরং মানুষের চিন্তাকে একটি সঠিক উপলব্ধির দিকে পরিচালিত করেছেন। কোনো ঘটনা একই সময়ে ঘটেছে বলেই একটি অন্যটির কারণ হয়ে যায় না। আধুনিক পরিসংখ্যান ও গবেষণার ভাষায় এটিকে বলা হয় Correlation does not imply causation. অর্থাৎ, দুটি ঘটনার মধ্যে সময়গত বা পরিসংখ্যানগত সম্পর্ক থাকলেই একটিকে অন্যটির কারণ বলা যায় না। ইবরাহীমের মৃত্যুর দিন সূর্যগ্রহণ হয়েছিল; এটি ছিল দুটি ঘটনার সময়গত সমাপতন। কিন্তু একটির সঙ্গে অন্যটির কোনো কার্যকারণ সম্পর্ক ছিল না। এটি আধুনিক গবেষণার অন্যতম দর্শন।
এ শিক্ষা আজও সমান প্রাসঙ্গিক। বর্তমান যুগে তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানের ব্যাপক অগ্রগতি সত্ত্বেও কুসংস্কার ও ভুল তথ্যের বিস্তার থেমে নেই। সমাজে প্রায়ই দেখা যায়, কোনো দুর্ঘটনা, রোগব্যাধি, প্রাকৃতিক দুর্যোগ কিংবা অর্থনৈতিক সংকটের সঙ্গে কোনো ব্যক্তির কর্মকাণ্ড, জন্ম, মৃত্যু বা বিশেষ ঘটনাকে যুক্ত করে ব্যাখ্যা দেওয়া হয়। পর্যাপ্ত তথ্য ও প্রমাণ ছাড়াই এমন ব্যাখ্যা প্রচার করা মানুষের মধ্যে অযৌক্তিক ভয়, বিভ্রান্তি এবং কুসংস্কার সৃষ্টি করতে পারে। অনেকক্ষেত্রে এসব বক্তব্য মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে দ্রুত জনপ্রিয়তা অর্জন করে। ইসলাম ধর্মে এসবের কোনো স্থান নাই।

তৃতীয়ত, ধর্ম কি বিজ্ঞানচর্চার বিরোধী?
এ হাদিস ধর্মীয় বিশ্বাস ও প্রাকৃতিক নিয়মের মধ্যে একটি সুস্পষ্ট পার্থক্য তৈরি করে। ইসলাম মানুষকে সূর্যগ্রহণের সময় সালাত আদায় ও আল্লাহর কাছে দোয়া করতে বলেছে; কিন্তু গ্রহণের বৈজ্ঞানিক কারণ হিসেবে কোনো ব্যক্তির জন্ম বা মৃত্যুকে স্বীকৃতি দেয়নি। এখানে দুটি বিষয়কে আলাদা করে অনুধাবন করা প্রয়োজন। সূর্যগ্রহণ কেন ঘটে, সেটি জ্যোতির্বিজ্ঞানের প্রশ্ন। আর গ্রহণের সময় একজন বিশ্বাসীর কী ধরনের ধর্মীয় ও নৈতিক প্রতিক্রিয়া হওয়া উচিত, সেটি ধর্মীয় অনুশাসনের বিষয়। প্রথমটির ব্যাখ্যা বিজ্ঞান দেয়; দ্বিতীয়টি ধর্মীয় বিশ্বাস ও অনুশীলনের সঙ্গে সম্পর্কিত। সুতরাং, ধর্মীয় নির্দেশনা অনুসরণ করার অর্থ এই নয় যে প্রাকৃতিক ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রত্যাখ্যান করতে হবে। বরং কুসংস্কার থেকে মুক্ত থাকা, প্রকৃতির নিয়ম সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং অজানাকে জানার চেষ্টা করা একটি সুস্থ জ্ঞানচর্চার অংশ।

চতুর্থত, আতঙ্ক নয়, সচেতনতা ও আত্মোপলব্ধি
হাদিসে সূর্যগ্রহণের সময় সালাত ও দোয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইসলামী পরিভাষায় এ বিশেষ সালাতকে ‘সালাতুল কুসুফ’ বলা হয়। চন্দ্রগ্রহণের সালাতকে বলা হয় ‘সালাতুল খুসুফ’। এখানে একটি সূক্ষ্ম বিষয় রয়েছে। মহানবী (সা.) মানুষকে গ্রহণের সময় কোনো অশুভ ঘটনার আশঙ্কায় আতঙ্কিত হতে বলেননি। তিনি মানুষকে সালাত আদায় ও আল্লাহর স্মরণের দিকে আহ্বান করেছেন। অর্থাৎ, প্রাকৃতিক ঘটনার মুখোমুখি হয়ে ভয়, গুজব ও কুসংস্কারে আক্রান্ত না হয়ে আত্মোপলব্ধি, ইবাদত ও নৈতিক সচেতনতার চর্চা করাই এই নির্দেশনার মূল তাৎপর্য। তবে এটিও মনে রাখা প্রয়োজন, হাদিসটি গ্রহণের সময় সালাত ও দোয়ার নির্দেশ দিলেও গ্রহণের জন্য কোনো নির্দিষ্ট দোয়ার বাক্য বাধ্যতামূলক করেনি। তাই প্রচলিত কোনো নির্দিষ্ট দোয়াকে হাদিসে নির্ধারিত বলে উপস্থাপন করা যথাযথ নয়।
পরিশেষে, ইবরাহীমের মৃত্যুর দিন সূর্যগ্রহণের ঘটনাটি ইতিহাসের একটি বিশেষ মুহূর্ত হলেও এর শিক্ষা সর্বকালের জন্য প্রাসঙ্গিক। মহানবী (সা.) ব্যক্তিগত শোকের মধ্যেও কোনো প্রচলিত কুসংস্কারকে প্রশ্রয় দেননি। বরং তিনি মানুষের সামনে সত্যকে তুলে ধরেছেন এবং প্রাকৃতিক ঘটনাকে অযৌক্তিকভাবে ব্যক্তিগত জীবন বা ভাগ্যের সঙ্গে সম্পর্কিত করার প্রবণতা প্রত্যাখ্যান করেছেন। নবীজি (সা.) চাইলে মানুষের আবেগকে নিজের মর্যাদা বৃদ্ধির কাজে ব্যবহার করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি নিজের সন্তানকে হারানোর শোকের মধ্যেও মানুষের ভুল ধারণা সংশোধন করেছেন। এজন্যই তিনি পৃথিবীর সকল মানুষের জন্য সত্য নবী।

লেখক: উন্নয়ন অর্থনীতি পরিষদ

কালনেত্র

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews