মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল

  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর বাজার এলাকায় প্রস্তাবিত ভেহিকুলার আন্ডারপাস (ভিইউপি) নির্মাণের নকশা নিয়ে স্থানীয় মানুষের উদ্বেগ দূর করতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল ।

সোমবার মাধবপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান।

এমপি ফয়সল বলেন, স্থানীয় মানুষের দাবি এবং প্রকল্পের কারিগরি বিষয়—দুটিই গুরুত্বপূর্ণ। তাই এমন একটি সমাধান খুঁজে বের করতে হবে, যাতে উন্নয়ন কাজও এগিয়ে যায়, আবার বাজার ও সাধারণ মানুষেরও কোনো ক্ষতি না হয়।

তিনি বলেন, সবাই নিজ নিজ জায়গা থেকে মতামত দিচ্ছেন। বাস্তবতার কারণে সব দাবি পূরণ করা সম্ভব না হলেও মানুষের যৌক্তিক দাবি গুরুত্বের সঙ্গে দেখা হবে। পরে তিনি নিজে বাজারে প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং প্রয়োজন হলে প্রকল্প পরিচালক (পিডি), সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলে জানান।
সভায় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা বলেন, বর্তমান নকশা অনুযায়ী ভিইউপির দুই পাশে ওয়াল নির্মাণ করা হলে মাধবপুর বাজার দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। এতে মানুষ ও যানবাহনের চলাচল ব্যাহত হবে এবং ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে। তাই তারা ওয়ালের পরিবর্তে পিলার বা ওপেন স্ট্রাকচারে ভিইউপি নির্মাণের দাবি জানান।এ নিয়ে গত কয়েকদিন ধরে সাধারণ মানুষ আন্দোলন করে আসছে।
ঢাকা-সিলেট করিডোর উন্নয়ন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক-৩ (নির্বাহী প্রকৌশলী) মো. আমিমুল এহসান বলেন, আন্তর্জাতিক মান অনুযায়ী নকশা করা হয়েছে। তবে আজকের সভায় উত্থাপিত মতামত ও সংসদ সদস্যের নির্দেশনা প্রকল্প পরিচালক এবং ডিজাইন কনসালট্যান্টের কাছে পুনর্বিবেচনার জন্য পাঠানো হবে।
সভায় সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, পরিবহন মালিক সমিতির প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দ.ক/জিএইচএল

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews