1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

লাখাইয়ে শোকের মাতম: সড়কে ঝরে গেল মোজাহিদের প্রাণ 

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

 

পারভেজ হাসান লাখাই: ঈদের খুশি ভাগাভাগি করতে বন্ধুদের সাথে ভ্রমণে গিয়েছিলেন মোজাহিদ আলম শুভ (৩০)। কিন্তু সেই আনন্দই যে জীবনের শেষ যাত্রা হবে, তা কারোরই জানা ছিল না। চট্টগ্রামের দর্শনীয় স্থানগুলো ঘুরে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি।

নিহত মোজাহিদ আলম শুভ হবিগঞ্জের লাখাই উপজেলার করাব ইউনিয়নের সিংহগ্রামের মো. মনু মিয়ার ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়,ঈদের আনন্দ উদ্‌যাপন করতে গত সপ্তাহে ১২ বন্ধুর একটি দল মোটরসাইকেল বহর নিয়ে চট্টগ্রাম ভ্রমণে যান। ভ্রমণ শেষে গত শনিবার তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে কুমিল্লার চান্দিনা এলাকায় পৌঁছালে মোজাহিদকে বহনকারী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এতে চালকসহ মোজাহিদ গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার মালিবাগের পিপলস হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জীবনের সাথে পাঞ্জা লড়ে গত সোমবার মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

মোজাহিদের অকাল মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিজ গ্রামসহ পুরো উপজেলায় গভীর শোকের ছায়া নেমে আসে। গত মঙ্গলবার সিংহগ্রামে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সহস্রাধিক মানুষের অংশগ্রহণে জানাজা শেষে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।

একজন প্রাণোচ্ছ্বল যুবকের এমন মর্মান্তিক প্রয়াণে পরিবার ও স্বজনদের মাঝে চলছে শোকের মাতম। বন্ধুদের সাথে কাটানো শেষ মুহূর্তগুলো এখন কেবলই স্মৃতি হয়ে রইল।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট