
চুনারুঘাট প্রতিনিধি: বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল ধানের শীষ প্রতীক নিয়ে বিশাল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উপজেলার ১৮৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে ২৮টি চা বাগানে ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ১৮৪টি কেন্দ্রের মধ্যে ১১৪টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে সৈয়দ মোঃ ফয়সল পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ২৮৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী গিয়াস উদ্দিন পেয়েছেন ৪৬ হাজার ৯৭২ ভোট। বাকি কেন্দ্রগুলোর ফলাফল মিলিয়ে তাঁর বিজয় আরও বড় ব্যবধানে নিশ্চিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ফলাফল ঘোষণার পর নোয়াপাড়ায় এক প্রতিক্রিয়ায় সৈয়দ মোঃ ফয়সল আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “প্রিয় মাধবপুর–চুনারুঘাটবাসী, আপনাদের মহামূল্যবান ভোটে আমাকে নির্বাচিত করায় আমি কৃতজ্ঞ। আমি দলমত নির্বিশেষে সকলের প্রতিনিধি হিসেবে কাজ করব।”
তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি ১৯৯১ সাল থেকে তাঁর রাজনৈতিক পথচলায় যারা পাশে ছিলেন, তাদের অবদানের কথাও স্মরণ করেন।
চা শ্রমিক ও সনাতন সম্প্রদায়ের ভোটারদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাদের আস্থা ও সমর্থন তাঁর দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। নির্বাচনের পর সবাইকে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি একটি উন্নত ও বাসযোগ্য মাধবপুর–চুনারুঘাট গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
দ.ক.সিআর.২৬