
পারভেজ হাসান লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলার জিরুন্ডা মানপুর গ্রামের কাজী বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে গ্রামের কৃষক মো: নুরুল হকের বসতবাড়িতে এই আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে নুরুল হকের ঘরে হঠাৎ আগুন জ্বলতে দেখে প্রতিবেশীরা চিৎকার শুরু করেন। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লাখাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে ফায়ার সার্ভিসের তৎপরতায় ঘর থেকে গবাদিপশুসহ প্রায় ২ লক্ষ টাকা মূল্যের মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
অগ্নিকাণ্ডে কৃষক নুরুল হকের ঘর ও আসবাবপত্র পুড়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
লাখাই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে।
ভুক্তভোগী কৃষক নুরুল হক এই আকস্মিক দুর্যোগে অনেকটা দিশেহারা হয়ে পড়েছেন। তবে অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির ঘটনা না ঘটায় গ্রামবাসী স্বস্তি প্রকাশ করেছেন।
দ.ক.সিআর.২৬