
নাজমুল ইসলাম হৃদয়: হবিগঞ্জের চুনারুঘাটে র্যাব-৯ এর অভিযানে ৫ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প।
মঙ্গলবার (৩০ জুন) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নতুন ব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়, র্যাবের একটি আভিযানিক দল চুনারুঘাট উপজেলার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাধবপুর এলাকা থেকে মিতালী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে করে মাদকদ্রব্য সিলেটের দিকে পাচার করা হচ্ছে।
সংবাদের ভিত্তিতে সকাল আনুমানিক ১১টা ২৫ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের নতুন ব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় মিতালী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হলে লায়লা আক্তার নামে এক নারী যাত্রী একটি পেস্ট রঙের হাতব্যাগ বাসের সিটের নিচে রেখে পালানোর চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে র্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে লায়লা আক্তার তার কাছে মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করেন। তার ব্যবহৃত হাতব্যাগ তল্লাশি করে খাকি রঙের স্কচ টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন ।
গ্রেপ্তারকৃত নারী হলেন মোছা. লায়লা আক্তার (২২), স্বামী শহিদুল ইসলাম। তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আমুরোড গুচ্ছ গ্রামের বাসিন্দা।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে তাকে উদ্ধারকৃত আলামতসহ চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-৯ আরও জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এছাড়া সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদক পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে ।
দ.ক/এনআইআর