
বাহুবল প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল উপজেলায় মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের দায়ে উমায়েদ চৌধুরী (৪৫) নামের এক ব্যক্তিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০ জুন) বেলা আড়াইটার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের বানিয়াগাঁও-রঘুরামপুর সড়কের পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত উমায়েদ চৌধুরী উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শফিয়াবাদ গ্রামের মৃত আব্দুল মতিন চৌধুরীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াগাঁও-রঘুরামপুর এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারি ও মাদকসেবীদের আনাগোনা রয়েছে। প্রায়ই সেখানে মাদক সেবনসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড সংঘটিত হয়। বুধবার দুপুরে কয়েকজন ব্যক্তি একটি ইটভাটার পাশে মাদক সেবন করে মাতলামি ও উচ্ছৃঙ্খল আচরণ শুরু করলে স্থানীয় জনতা তাদের ধাওয়া দেয়। এ সময় একজনকে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আটক উমায়েদ চৌধুরীকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বাহুবল মডেল থানা পুলিশের সদস্যরা ও স্থানীয় জনতা সহযোগিতা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায় বলেন, “মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। বাহুবল উপজেলাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।”
দ.ক.সিআর.২৬