
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় চকলেট সামগ্রী উদ্ধারসহ ২ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৮টা ১০ মিনিটের দিকে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল হবিগঞ্জ সদর মডেল থানাধীন লষ্করপুর এলাকার রেলগেট সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হলে ট্রাকের ভেতর থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ চকলেট সামগ্রী উদ্ধার করা হয়।
এ ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে। তারা হলেন—মো. নূর হোসেন (২৩), পিতা: আব্দুল বাতেন, সাং: নলজুরি, থানা: গোয়াইনঘাট এবং আজগর মিয়া (২৫), পিতা: মো. কুটি মিয়া, সাং: কমলবাড়ি, থানা: জৈন্তাপুর, উভয়েই সিলেট জেলার বাসিন্দা।
ডিবি পুলিশ জানায়, জব্দকৃত চকলেটগুলোর আনুমানিক বাজারমূল্য ৪৩ লাখ ৩৪ হাজার ৯০০ টাকা। উদ্ধারকৃত মালামাল ও ট্রাকটি জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, এ ধরনের চোরাচালান রোধে জেলা গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দ.ক.সিআর.২৬