1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

রেমা–কালেঙ্গা বনাঞ্চল থেকে অবৈধ কাঠ পাচারকালে ট্রাকসহ দুইজন আটক

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধি।। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসুল্লা রেমা–কালেঙ্গা বনাঞ্চল সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে কাটা বিপুল পরিমাণ জ্বালানি কাঠ পাচারকালে শায়েস্তাগঞ্জ উপজেলায় সেনাবাহিনী ও বন বিভাগের যৌথ অভিযানে একটি ট্রাকসহ দুইজনকে আটক করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ব্রিজ গোলচক্কর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ সেনা ক্যাম্পের একটি দল সিলেট বন বিভাগের অধীন হবিগঞ্জের বিশেষ টহল বাহিনীর সঙ্গে যৌথভাবে অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেন ডেপুটি রেঞ্জার সৈয়দ আশিক আহমেদ। অভিযানকালে ট্রাকভর্তি প্রায় ১৪০ মণ অবৈধ জ্বালানি কাঠ জব্দ করা হয়। এ সময় ট্রাকে থাকা দুইজনকে আটক করে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের শ্রীকুটা গ্রামের আলাই মিয়ার ছেলে মিলন মিয়া এবং একই গ্রামের গোলজার হোসেনের ছেলে মো. শুভ মিয়া।
বন বিভাগ সূত্রে জানা গেছে, জব্দকৃত কাঠ ও ট্রাক বর্তমানে হবিগঞ্জের ভাদৈ এলাকার ফরেস্ট অফিসে হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়ায় আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হবে।

ঘটনার বিবরণে জানা যায়, হবিগঞ্জের বিভিন্ন বনাঞ্চল থেকে গাছ কেটে পাচার করছে একটি সংঘবদ্ধ চক্র। অভিযোগ রয়েছে, এই চক্রের সঙ্গে বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা ও বন প্রহরীর সংশ্লিষ্টতা রয়েছে। তারা মোটা অংকের অর্থের বিনিময়ে রাতের আঁধারে পাচারকারীদের সহযোগিতা করে আসছে। রেমা–কালেঙ্গা ও সাতছড়ি বনাঞ্চলসহ বিভিন্ন এলাকায় নির্বিচারে গাছ কাটার ফলে জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।

এদিকে বন বিভাগ জানায়, গত ১৩ জানুয়ারি বনপ্রহরী প্রতাপ বাবুর সহযোগিতায় রেমা–কালেঙ্গা বনাঞ্চল থেকে ট্রাকভর্তি বিপুল পরিমাণ গাছ পাচারের চেষ্টা করা হয়। বিষয়টি জানতে পেরে হবিগঞ্জের সহকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা ডেপুটি রেঞ্জার সৈয়দ আশিক আহমেদ বিশেষ টহল পরিচালনা করে ওই ট্রাকটি আটক করেন।

জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা বলে জানিয়েছে বন বিভাগ। এ ঘটনাতেও বন আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট