
চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চিমটিবিল এলাকায় পূর্ব বিরোধের জেরে জুমার নামাজ শেষে স্বপন মিয়া (২৫) নামে এক যুবকের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত যুবককে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বাদ জুমা চিমটিবিল জামে মসজিদ থেকে নামাজ শেষে বের হয়ে বাড়ি ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে।
আহত স্বপন মিয়া উপজেলার চিমটিবিল খাস এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
আহত স্বপন মিয়া জানান, পূর্ব বিরোধের জেরে একই এলাকার রিপন মিয়া ও লিটন মিয়ার নেতৃত্বে ৫-৬ জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে হাতের দামী ব্রান্ডের একটি ফোন ছিনাইয়া নেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বিকেলে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতের পরিবার হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি মো: শফিকুল ইসলাম জানান, ঘটনা শুনেছি অভিযোগ ফেলে ব্যবস্থা নেয়া হবে।
দ.ক/জিএইচএল