মনির সরকার : হবিগঞ্জের চুনারুঘাটে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শুভর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর ইউনিয়নের বাসুল্লা গ্রামে মেহেদী হাসান শুভর বাড়িতে এই বর্বরোচিত হামলা চালানো হয়।
এলাকায় মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সোচ্চার ছিলেন ছাত্রদল নেতা মেহেদী হাসান শুভ। এরই জের ধরে স্থানীয় চিহ্নিত মাদক কারবারি ও তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে শুভর বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যায় বলে পরিবার সূত্রে দাবি করা হয়েছে।
এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সাধারণ মানুষ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দ.ক/এম.এস