
কালনেত্র ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে ২০২৬ পর্যন্ত দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। দীর্ঘ ছুটিকে কার্যকর করতে ২৩ মে’র সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে ওই শনিবার সব সরকারি অফিস খোলা থাকবে এবং ২৪ মে হবে ঈদের আগে শেষ কর্মদিবস।
বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদকে ঘিরে মানুষের যাতায়াত সহজ ও স্বস্তিদায়ক করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিশেষ ছুটির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরে সেই সিদ্ধান্ত অনুযায়ী আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
তবে জরুরি সেবাখাতগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর পরিচালনা, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক বিভাগ, হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা স্বাভাবিকভাবেই চালু থাকবে। এসব খাতে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট যানবাহনও ছুটির সুবিধার বাইরে থাকবেন।
এদিকে ব্যাংকিং কার্যক্রম সচল রাখার বিষয়ে পৃথক নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। আদালতের কার্যক্রম পরিচালনা নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আর বেসরকারি প্রতিষ্ঠানের ছুটি ও কার্যক্রম বিষয়ে আলাদা নির্দেশনা জারি করবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
সরকারের এই দীর্ঘ ছুটির সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, একসঙ্গে বিপুল মানুষের যাত্রার চাপ কমে কয়েক দিনে ভাগ হয়ে গেলে সড়ক, রেল ও নৌপথে ভোগান্তি অনেকটাই কমবে। বিশেষ করে রাজধানী ঢাকা থেকে গ্রামের পথে ঈদযাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হতে পারে বলে আশা করা হচ্ছে।
দ.ক.সিআর.২৬