
চুনারুঘাট উপজেলার আমুরোড হাই স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির (স্কুল শাখার) সভাপতি পদে মো. আক্তারুজ্জামান নির্বাচিত হয়েছেন। ভোট গণনা শেষে মো: আক্তারুজ্জামান ২৬৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আলমগীর পান ২২৪ ভোট।
আজ বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। নির্বাচনে মোট ৭৫২ জন অভিভাবক ভোটারের মধ্যে ৪৫০ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে স্কুল শাখায় মোট ভোটার সংখ্যা ছিল ৫৯৫ জন এবং কলেজ শাখায় ১৫৭ জন।
অন্যদিকে, কলেজ শাখার অভিভাবক প্রতিনিধি পদে বিজয়ী হয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল কাশেম ও মোহাম্মদ তারা মিয়া।
নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালে কেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় চুনারুঘাট থানার সাব-ইনস্পেক্টর (এসআই) তারেক নাজিরের নেতৃত্বে একদল পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন, ফলে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপ্রিয়ভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হয়।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি মো. আক্তারুজ্জামানকে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
নবনির্বাচিত সভাপতি মো. আক্তারুজ্জামান বলেন, “আমার ওপর যে আস্থা রাখা হয়েছে, সেই আস্থার মর্যাদা রক্ষা করে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।”
দ.ক.২৬