
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক-নার্সের অবহেলা ও সময়মতো অক্সিজেন না দেওয়ার অভিযোগে আধা ঘণ্টার ব্যবধানে তানজিলা আক্তার নামের এক তরুণীসহ দুই রোগীর মৃত্যু হয়েছে।
গতকাল (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় হাসপাতাল প্রাঙ্গণে রোগীর স্বজনদের মধ্যে উত্তেজনা ও হট্টগোল সৃষ্টি হয়।
স্বাস্থ্য কেন্দ্র ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২ অক্টোবর) শ্বাসকষ্ট নিয়ে মিরাশি ইউনিয়নের আসলা গ্রামের আকবর আলীর মেয়ে তানজিলা আক্তার হাসপাতালে ভর্তি হন। শনিবার তার অবস্থার কিছুটা উন্নতি হলেও রোববার রাতে আবার তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। স্বজনেরা দ্রুত অক্সিজেন দেওয়ার অনুরোধ করলেও সময়মতো অক্সিজেন না পেয়ে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয় বলে অভিযোগ স্বজনদের।
হাসপাতালে থাকা অন্য রোগী ও স্বজনদের দাবি, তানজিলার মৃত্যুর প্রায় আধা ঘণ্টা আগে একই কারণে আরও এক রোগীর মৃত্যু হয়। পরপর দুই রোগীর মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ স্বজনেরা দায়ীদের শাস্তির দাবিতে হট্টগোল শুরু করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন বলেন, চিকিৎসায় অবহেলা এবং সময়মতো অক্সিজেন না দেওয়ার অভিযোগ এনেছেন স্বজনেরা। এ ঘটনায় আমরা একটি তদন্ত কমিটি গঠন করব। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দ.ক.২৬