হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পূর্ব বিরোধের জেরে বর্গা দেওয়া একটি গরু জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের রতনপুর গ্রামের বাসিন্দা মো. আ. রহমান (৭৫) বয়সজনিত কারণে গরু লালন-পালনে অপারগ হওয়ায় প্রায় ১০-১২ বছর আগে তাঁর একটি গাভী গরু একই উপজেলার ০৯নং রানীগাঁও ইউনিয়নের ছনবাড়ী (দেবরাবাড়ী) এলাকার নাগরা ত্রিপুরার (৪৫) কাছে বর্গা দেন। চুক্তি অনুযায়ী তাঁরা পর্যায়ক্রমে বাছুর বণ্টন করে আসছিলেন। বর্তমানে নাগরা ত্রিপুরার কাছে আ. রহমানের দুটি গরু রয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১৫ নভেম্বর ২০২৬ ইং তারিখে সকাল আনুমানিক ১০টার দিকে প্রতিদিনের মতো বসতঘরের পূর্ব পাশের গোয়ালঘরে দুটি গরু বেঁধে রাখা হয়। ওই সময় পূর্বের জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে একই গ্রামের মো. ইদ্রিছ আলী আলতার ছেলে মো. মনছুর আলী সোহান (২৪) নাগরা ত্রিপুরার বাড়িতে প্রবেশ করে গোয়ালঘর থেকে একটি 'ডেকা' গরুর বাঁধন খুলে জোরপূর্বক উত্তর দিকে নিয়ে যেতে থাকেন।
এ সময় নাগরা ত্রিপুরা বাধা দিলে অভিযুক্ত তাঁকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে দ্রুত গরু নিয়ে চলে যান বলে অভিযোগ করা হয়েছে। পরে নাগরা ত্রিপুরা মুঠোফোনে বিষয়টি আ. রহমানকে জানান। আ. রহমান এ বিষয়ে অভিযুক্তের কাছে জানতে চাইলে তাঁকেও বিভিন্ন হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে এবং গরুটির কোনো সন্ধান না পেয়ে আ. রহমান থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন।
কালনেত্র