হবিগঞ্জের বাহুবলে নাশকতার পরিকল্পনা ও প্রস্তুতিকালে উপজেলা তাতীলীগের আহ্বায়ক ও জেলা তাতীলীগের সদস্য রাসেল মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে বাহুবল মডেল থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা অন্য সহযোগীরা পালিয়ে যান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের নতুন বাজার-সাটিয়াজুরী সড়কে রিয়াদ ব্রিকস ফিল্ডের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাসেল মিয়া উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের মৃত জাফর আলীর ছেলে। তিনি বাহুবল উপজেলা তাতীলীগের আহ্বায়ক এবং হবিগঞ্জ জেলা তাতীলীগের সদস্য হিসেবে পরিচিত।পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, নতুন বাজার-সাটিয়াজুরী সড়কের রিয়াদ ব্রিকস ফিল্ডের সামনে রাসেল মিয়া ও তার সহযোগীরা দেশে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে তারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চালিয়ে সরকারবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) ইব্রাহিমের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও রাসেল মিয়াকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার জানান, নাশকতার পরিকল্পনা ও প্রস্তুতিকালে উপজেলা তাতীলীগের আহ্বায়ক রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তার সঙ্গে থাকা অন্য সহযোগীরা পালিয়ে যায়। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কালনেত্র