হবিগঞ্জের বাহুবল উপজেলার দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন সরকারি মডেল হাইস্কুলে এসএসসি পরীক্ষার ফরম পূরণে নির্ধারিত ফির বাইরে কোচিংয়ের নামে অতিরিক্ত ২ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে। কোচিং ফি জমা না দিলে ফরম পূরণের নির্ধারিত টাকা গ্রহণ করা হচ্ছে না বলেও অভিযোগ করেছেন একাধিক অভিভাবক। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
অভিভাবকদের অভিযোগ, এসএসসি পরীক্ষার ফরম পূরণের নির্ধারিত ফি ২ হাজার ৪০৫ টাকা। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ ফরম পূরণের পাশাপাশি তিন মাসের কোচিং বাবদ অতিরিক্ত ২ হাজার টাকা দাবি করছে। কোচিং করতে অনিচ্ছুক শিক্ষার্থীদের কাছ থেকেও এ টাকা আদায়ের অভিযোগ রয়েছে।
একজন অভিযোগকারী অভিভাবক জানান, গতকাল এসএসসি পরীক্ষার ফরম পূরণ বাবদ নির্ধারিত ২ হাজার ৪০৫ টাকা জমা দিতে বিদ্যালয়ে গেলে সংশ্লিষ্ট শিক্ষক কোচিংয়ের টাকা ছাড়া ফরম পূরণের টাকা গ্রহণ করতে অস্বীকৃতি জানান। এ সময় তাঁদের ফিরে যেতে বলা হয়। পরে আজ শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে আবার বিদ্যালয়ে গেলে একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়। একপর্যায়ে বাধ্য হয়ে নির্ধারিত ফির সঙ্গে অতিরিক্ত ২ হাজার টাকা যোগ করে মোট ৪ হাজার ৪০৫ টাকা জমা দিতে হয়।
শিক্ষার্থীর অভিভাবক জেনি চৌধুরী বলেন, 'আমার সন্তানের ফরম পূরণের জন্য ২ হাজার ৪০৫ টাকা নিয়ে গেলে বিদ্যালয়ের শিক্ষক নাছির স্যার তা গ্রহণ করেননি। পরে অতিরিক্ত ২ হাজার টাকা দেওয়ার পর ফরম পূরণ করতে হয়েছে।'
অভিভাবকদের প্রশ্ন, সরকারি বিদ্যালয়ে পরীক্ষার ফরম পূরণের নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ কতটুকু? যেসব পরিবারের আর্থিক সামর্থ্য রয়েছে, তাদের কাছে ২ হাজার টাকা বড় বিষয় না হলেও দরিদ্র ও অসহায় পরিবারের শিক্ষার্থীদের জন্য এ অর্থ জোগাড় করা কঠিন। যারা কোচিং করতে আগ্রহী নয়, তাদের কাছ থেকে বাধ্যতামূলকভাবে কোচিং ফি আদায় কতটা যৌক্তিক? এ বিষয়ে সরকারি কোনো নির্দেশনা কিংবা লিখিত নোটিশ রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় চন্দ্র দেবনাথ বলেন, 'গত ১৬ নভেম্বর বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে সবার সম্মতিতে কোচিং বাবদ ২ হাজার টাকা অভিভাবকেরা দিতে চেয়েছেন। তবে ইউএনও স্যার আজ দুপুর ১২টার দিকে আমাকে ফোন করে কোচিংয়ের টাকা না নেওয়ার জন্য বলেন। এরপর থেকে আমরা আর টাকা নিচ্ছি না। তবে অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি ইউএনও স্যার অবগত নন।'
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, 'আমি প্রশিক্ষণে আছি। অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি অনেকেই আমাকে জানিয়েছেন। প্রশিক্ষণের ফাঁকে বিদ্যালয়ে যোগাযোগ করেছি। অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষকে ব্যাখ্যা দিতে হবে।'
অভিভাবকদের আরও অভিযোগ, গত পাঁচ বছর ধরে বিদ্যালয়টিতে একইভাবে কোচিং ফি আদায় করা হচ্ছে। অথচ শিক্ষার্থীদের ফলাফলে প্রত্যাশিত উন্নতি দেখা যাচ্ছে না। তাঁদের দাবি, গত বছরও একইভাবে কোচিংয়ের নামে টাকা নেওয়া হলেও এসএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়নি। তিন মাস কোচিং করানোর পরও যদি শিক্ষার্থীদের ফলাফলে কাঙ্ক্ষিত উন্নতি না হয়, তাহলে এ অর্থ আদায়ের যৌক্তিকতা কী—এমন প্রশ্নও তুলেছেন তাঁরা।
অভিভাবকদের মতে, অতিরিক্ত ক্লাস বা কোচিংয়ের প্রয়োজন হলে আগ্রহী শিক্ষার্থীদের জন্য স্বেচ্ছাভিত্তিক ব্যবস্থা রাখা যেতে পারে। কিন্তু পরীক্ষার ফরম পূরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে কোচিং ফির সঙ্গে যুক্ত করা কোনোভাবেই কাম্য নয়। এতে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়তে পারে।
এ অবস্থায় অভিযোগের সুষ্ঠু তদন্ত, অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা এবং অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা। একই সঙ্গে বিদ্যালয়ের নিয়মিত পাঠদানের মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
কালনেত্র