জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছে হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) নির্বাচনী এলাকার ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২৪ জন শিক্ষার্থী। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম কার্যদিবসে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন। পরিদর্শনকালে শিক্ষার্থীরা জাতীয় সংসদ অধিবেশনের কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করেন। পরে তারা জাতীয় সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন এবং সংসদ ভবনের দক্ষিণ প্ল¬াজায় ফটোসেশনে অংশ নেন। এছাড়াও সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল ও শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের সাথে শিক্ষার্থীরা শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন প্রজন্মকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হওয়ার পাশাপাশি যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বজায় রাখা, বৃক্ষরোপণ এবং প্রাণীর প্রতি সদয় আচরণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। জাতীয় সংসদের হুইপ, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছের উদ্যোগে শিক্ষার্থীদের এই ব্যতিক্রমী শিক্ষা সফরের আয়োজন করা হয়।
এর আগে, মঙ্গলবার সকাল ৬টায় হবিগঞ্জ সার্কিট হাউজ থেকে চারটি বাসযোগে শিক্ষার্থীরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলার ২৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্বাচিত ১২৪ জন শিক্ষার্থী ও ২৬ জন শিক্ষক এতে অংশ নেয়। সংসদ ভবন পরিদর্শন শেষে রাতেই তারা হবিগঞ্জ ফিরে আসেন।
শিক্ষার্থীদের যাতায়াত, খাবারসহ পুরো সফরের যাবতীয় ব্যয় বহন করেন হুইপ আলহাজ্ব জি কে গউছ।
সংশিষ্টদের মতে, হবিগঞ্জের শিক্ষার্থীদের জন্য এটি ছিল এক অনন্য অভিজ্ঞতা। জেলার ইতিহাসে এই প্রথম এত বড় পরিসরে শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিদর্শনের সুযোগ সৃষ্টি হলো। এর মাধ্যমে শিক্ষার্থীরা দেশের সর্বোচ্চ আইনসভা, সংসদীয় গণতন্ত্র ও রাষ্ট্র পরিচালনার কার্যক্রম সম্পর্কে সরাসরি জানার সুযোগ পেয়েছে। শ্রেণী কক্ষের বাইরে রাষ্ট্রের সর্ব্বেচ্চ আইনসভা দেখা প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সরাসরি সাক্ষাত হবিগঞ্জের শিক্ষার্থীদের জন্য এই অভিজ্ঞতা হয়ে থাকবে দীর্ঘদিনের এক স্বরণীয় অভিজ্ঞতা।
কালনেত্র