একটা প্রশ্নের উত্তর জানার আকাঙ্ক্ষায় এ লেখার প্রয়াস - মানুষ কি ফেরেশতার চেয়ে উত্তম বা পশুর চেয়ে নিকৃষ্ট হতে পারে? এ লেখায় মানুষের ফেরেশতার চেয়ে উত্তম হওয়ার সম্ভাবনাকে একটি গুরুত্বপূর্ণ ইসলামী দার্শনিক ধারণা হিসেবে আলোচনা করা হয়েছে; তবে এটিকে সর্বসম্মত আকিদাগত সিদ্ধান্ত হিসেবে উপস্থাপন করা হয়নি। আলোচনার পুরাটাই পবিত্র কুরআনের দর্শন থেকে নেওয়া হয়েছে। পবিত্র কোরআনে সূরা আত-তীনের ৪ নম্বর আয়াতে বলা হয়েছে, “নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে”। এ বাক্যে সূরার শুরুতে বর্ণিত কসমের জওয়াব দেওয়া হয়েছে।
আল্লাহতা’আলা প্রতিটি প্রাণীকে নিচুমুখী করে সৃষ্টি করেছেন। কেবলমাত্র মানুষকে সৃষ্টি করেছেন আলম্বিতভাবে দেহ সোজা করে। তার অঙ্গ-প্রত্যঙ্গকে যথোপযোগী বানিয়েছেন এবং সে নিজের হাত দিয়ে পানাহার করে। তার আকৃতিতে কোনো বেমানান ও অসামঞ্জস্য নাই। তাতে বিবেক-বুদ্ধি, চিন্তা-চেতনা, বোঝশক্তি, প্রজ্ঞা, শ্রবণ ও দৃষ্টিশক্তি দান করেছেন। যার ফলে মানুষ আসলে তাঁর কুদরতের প্রকাশস্থল এবং তাঁর শক্তিমত্তার প্রতিবিম্ব। কিছু ধর্মীয় পণ্ডিতগণ হাদিস থেকে বলে থাকেন, আল্লাহ আদমকে তাঁর নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন। আবূ হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহ আদমকে তাঁর আকৃতিতে সৃষ্টি করেছেন [বুখারী (৬২২৭) ও মুসলিম (২৬১২, ২৮৪১)]।
মানুষের সৃষ্টিতে উক্ত সকল জিনিসের ব্যবস্থা করাটাই হল ‘আহসানি তাকবীম’ (সুন্দরতম গঠন) যা মহান আল্লাহ তিনটি বস্তুর কসম (তীন ও যায়তুন, সীনীন অঞ্চলের তূর পর্বত ও নিরাপদ শহর তথা মক্কা মোকাররমা) খাওয়ার পর উল্লেখ করেছেন। এখানে মানুষের সৃষ্টিগত মর্যাদা, সামর্থ্য ও সম্ভাবনার কথা প্রকাশিত হয়েছে। মানুষকে এমন কিছু ক্ষমতা দেওয়া হয়েছে, যা তাকে জ্ঞান, চিন্তা, নৈতিকতা ও আধ্যাত্মিকতার পথে এগিয়ে যাওয়ার সুযোগ দেয়।
কিন্তু একই সূরার পরবর্তী আয়াতে বলা হয়েছে, “অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নিকৃষ্টতম অবস্থায়”।
মুফাস্সিরগণ সাধারণত এর দু'টি অর্থ বর্ণনা করেছেন। প্রথমত, মানুষের স্থবিরতা ও অন্তিম আয়ুর প্রতি ইঙ্গিত করা হয়েছে যখন যুবক অবস্থা ও শক্তিমত্তার পর বার্ধক্য ও দুর্বলতা এসে পড়ে। আর তখন মানুষের জ্ঞান-বুদ্ধি ও বোধশক্তি শিশুদের মত হয়ে যায়। কেউ কেউ এখানে সে হীনতার অর্থ গ্রহণ করেছেন যাতে মানুষ পতিত হয়ে অতিরিক্ত নীচতা এবং সাপ-বিচ্ছু থেকেও বেশি নিকৃষ্ট হয়ে যায়।
দ্বিতীয়ত, এ আয়াত দ্বারা সে লাঞ্ছনার শাস্তিকে বোঝানো হয়েছে যা জাহান্নামে কাফেরদের জন্য অপেক্ষা করছে। মানুষ আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য না করে নিজেকে ‘সুন্দরতম গঠন’ এর উচ্চ মর্যাদা থেকে জাহান্নামের নিম্নদেশে ঠেলে দেয়। এখানে একটি ব্যাখ্যাগত সতর্কতাও প্রয়োজন। আয়াত দুটিকে মানুষের নৈতিক উত্থান-পতনের একটি তাৎপর্যপূর্ণ ধর্মতাত্ত্বিক ভিত্তি হিসেবে ব্যবহার করা যায়, তবে একটিমাত্র ব্যাখ্যাকে চূড়ান্ত বলা উচিত নয়।
এ দুটি আয়াত পাশাপাশি রাখলে মানুষের অস্তিত্বের একটি গুরুত্বপূর্ণ দার্শনিক দিক সামনে আসে। মানুষ সর্বোত্তম সম্ভাবনা নিয়ে সৃষ্টি হলেও নিজের কর্মের মাধ্যমে নিকৃষ্ট অবস্থায় পতিত হতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ আয়াত রয়েছে সূরা আল-ইসরার (সূরা বনি ইসরাইল) আয়াত ৭০ এ বলা হয়েছে, “নিশ্চয়ই আমি আদমসন্তানকে মর্যাদা দান করেছি, স্থলে ও সাগরে তাদের চলাচলের বাহন দিয়েছি; এবং তাদেরকে উত্তম রিযিক দান করেছি এবং আমরা যাদেরকে সৃষ্টি করেছি তাদের অনেকের ওপর তাদেরকে শ্ৰেষ্ঠত্ব দিয়েছি”। এ আয়াতে আল্লাহ মানুষের প্রতি বিশেষ মর্যাদা প্রদানের কথা বলেছেন। মানুষের এ মর্যাদা শুধু তার দৈহিক গঠনের কারণে নয়; তার জ্ঞান, চিন্তা, দায়িত্ব ও নৈতিক সক্ষমতার সঙ্গেও সম্পর্কিত। এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে, মানুষকে সবার ওপর শ্রেষ্ঠত্ব দেওয়া হয়নি। বরং একজন মানুষ তখনই শ্রেষ্ঠ যখন সে কিছু শর্ত প্রতিপালন করবে। এ লেখাটি সে বিষয়েই আলোকপাত করবে। আল্লাহতা’য়ালা কর্তৃক প্রাপ্ত এ মর্যাদা আসলে মানুষকে যা খুশি করার অধিকার দেয় না। বরং যত বেশি ক্ষমতা, তত বেশি দায়িত্ব ইসলামের নৈতিক দর্শনে এ বিষয়টি মনে করিয়ে দেয়। একজন মানুষ তার দায়িত্ব পালন করে আল্লাহর সান্নিধ্য লাভে ফেরেশতাগণকে অতিক্রম করে যেতে পারেন। আবার দায়িত্ব পালনে ব্যর্থতার মাধ্যমে সে পশুর চেয়েও খারাপ হয়ে যেতে পারে।
ইসলামী ধর্মতত্ত্ব অনুযায়ী ফেরেশতারা আল্লাহর নির্দেশ অমান্য করেন না। সূরা আত-তাহরিমের ৬ নম্বর আয়াতে বলা হয়েছে, ফেরেশতারা আল্লাহর নির্দেশ অমান্য করেন না এবং যা আদেশ করা হয় তা পালন করেন। অন্যদিকে মানুষকে দেওয়া হয়েছে বিভিন্ন প্রবৃত্তি ও ইচ্ছাশক্তি। মানুষ ক্ষুধা, যৌন আকাঙ্ক্ষা, ক্রোধ, সম্পদের প্রতি আকর্ষণ বোধ করে এবং ক্ষমতা ও মর্যাদা চায়। এ জায়গায় মানুষ ও ফেরেশতার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য তৈরি হয়ে যায়। ফেরেশতাদের আনুগত্য ইসলামী বিশ্বাসে তাদের সৃষ্টিগত বৈশিষ্ট্যের অংশ। মানুষকে আনুগত্যের পথ বেছে নিতে হয়। মানুষের জন্য নৈতিক সিদ্ধান্ত একটি পরীক্ষা। উদাহরণ হিসেবে দুটি পরিস্থিতি বিবেচনা করা যাক। একজন ব্যক্তি প্রচণ্ড ক্ষুধার্ত। তার সামনে অন্যের খাবার রয়েছে। সে চাইলে খাবারটি চুরি করতে পারে। কিন্তু সে তা করে না। কারণ সে জানে অন্যের অধিকার নষ্ট করা অন্যায়। আরেকজন ব্যক্তি বিপুল সম্পদের মালিক। তার সামনে দুর্নীতির মাধ্যমে আরও সম্পদ অর্জনের সুযোগ রয়েছে। সে জানে, ধরা না পড়ার সম্ভাবনাও বেশি। কিন্তু সে নিজের বিবেকের কারণে সে সুযোগ প্রত্যাখ্যান করে। এ দুই ক্ষেত্রেই তারা নিজের প্রবৃত্তি ও স্বার্থের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে। তার নৈতিক অর্জন এখানেই। মানুষ যখন মন্দ কাজ করার সামর্থ্য ও সুযোগ থাকা সত্ত্বেও ভালো কাজ বেছে নেয়, তখন তার নৈতিক সিদ্ধান্তের বিশেষ মূল্য তৈরি হয়।
আবার এ দুটি ঘটনার বিপরীত চিত্রও হতে পারে। পবিত্র কোরআনে সূরা আল-আ'রাফের ১৭৯ নম্বর আয়াতে এমন কিছু মানুষের কথা বলা হয়েছে, যাদের হৃদয়, চোখ ও কান থাকা সত্ত্বেও তারা উপলব্ধি, পর্যবেক্ষণ ও সত্য গ্রহণের ক্ষমতা যথাযথভাবে ব্যবহার করে না। আয়াতে বলা হয়েছে, “আর আমি তো বহু জ্বিন ও মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি; তাদের হৃদয় আছে, কিন্তু তা দিয়ে তারা উপলব্ধি করে না, তাদের চক্ষু আছে, কিন্তু তা দিয়ে তারা দর্শন করে না এবং তাদের কর্ণ আছে, কিন্তু তা দিয়ে তারা শ্রবণ করে না। এরা চতুষ্পদ জন্তুর ন্যায়; বরং তা অপেক্ষাও অধিক বিভ্রান্ত! তারাই হল উদাসীন”। আয়াতের শেষ অংশ, অর্থাৎ, “তারা চতুষ্পদ জন্তুর মতো; বরং তার চেয়েও অধিক পথভ্রষ্ট” বিষয়টি আজকের আলোচনায় জন্য অপরিহার্য। মানুষের পক্ষে তার কার্যক্রমের কারণে সে পশুর চেয়েও পথভ্রষ্ট হতে পারে। এ আয়াতের দার্শনিক তাৎপর্য অত্যন্ত গভীর। একটি প্রাণী তার স্বাভাবিক প্রবৃত্তি অনুযায়ী আচরণ করে। একটি বাঘ অন্য প্রাণী শিকার করে ক্ষুধা মেটানোর জন্য। একটি সিংহ নিজের এলাকা রক্ষা করতে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়াই করে। একটি প্রাণী নিজের প্রয়োজনের বাইরে নৈতিক দর্শন, মানবাধিকার বা ন্যায়বিচারের ধারণা নিয়ে সিদ্ধান্ত নেয় না। কিন্তু একজন মানুষ জানে হত্যা অন্যায়, চুরি অন্যায়, প্রতারণা অন্যায়, নির্যাতন অন্যায়। তারপরও সে যদি জেনেশুনে এসব কাজ করে, নিজের বুদ্ধিকে অন্যায়কে বৈধতা দেওয়ার কাজে ব্যবহার করে, তবে তার নৈতিক অধঃপতন অনেক গভীর। একজন ক্ষুধার্ত বাঘ একটি হরিণ হত্যা করলে তাকে অপরাধী বলা যায় না। কিন্তু একজন মানুষ যদি নিজের স্বার্থে একজন নিরীহ মানুষকে হত্যা করে, তাহলে তার দায় অনেক বেশি। কারণ মানুষ জানে সে কী করছে, কেন করছে এবং তার কাজের পরিণতি কী হতে পারে। এখানে প্রাণী ও মানুষের মধ্যে নৈতিক দায়বদ্ধতার পার্থক্য গুরুত্বপূর্ণ।
এখন প্রশ্ন হচ্ছে, একজন মানুষ কীভাবে ফেরেশতা অপেক্ষা উত্তম হতে পারবে? ইসলামী চিন্তায় এ বিষয়ে একটি পরিচিত আলোচনা রয়েছে। মানুষ যদি নিজের নফসকে নিয়ন্ত্রণ, আল্লাহর আনুগত্য, জ্ঞান অর্জন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় এবং নৈতিক জীবনযাপন করে, তাহলে সে অত্যন্ত উচ্চ আধ্যাত্মিক মর্যাদায় পৌঁছাতে পারে। পবিত্র কোরআনে মানুষের মধ্যে তাকওয়া, ঈমান ও সৎকর্মের মাধ্যমে মর্যাদার পার্থক্যের কথা স্পষ্টভাবে এসেছে। সূরা আল-হুজুরাতের ১৩ নম্বর আয়াতে বলা হয়েছে: “হে মানুষ! আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে, আর তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অন্যের সাথে পরিচিত হতে পার। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সে ব্যক্তিই বেশি মর্যাদাসম্পন্ন যে তোমাদের মধ্যে বেশি তাকওয়াসম্পন্ন। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সম্যক অবহিত”।
ইসলামী আত্মশুদ্ধির দর্শনে নফস একটি গুরুত্বপূর্ণ ধারণা। মানুষের মধ্যে কামনা, ক্রোধ, অহংকার, লোভ, হিংসা, প্রতিশোধস্পৃহা এবং আত্মকেন্দ্রিকতা রয়েছে। এসব প্রবৃত্তি নিজে সব সময় মন্দ নয়। ক্ষুধা মানুষকে খাদ্য সংগ্রহে উৎসাহিত করে, আত্মরক্ষার প্রবৃত্তি জীবন রক্ষা করে, ক্রোধ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তি হতে পারে। কিন্তু এসব প্রবৃত্তি যখন নিয়ন্ত্রণহীন হয়ে যায়, তখন তা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। পবিত্র কুরআনে মানুষের আত্মা বা প্রবৃত্তির তিনটি অবস্থার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। ইসলামী চিন্তায় এগুলোকে সাধারণত নফসের তিনটি স্তর বা অবস্থা হিসেবে ব্যাখ্যা করা হয়।
এক) নফসে আম্মারা: সূরা ইউসুফের ৫৩ নম্বর আয়াতে বলা হয়েছে, “নিশ্চয়ই মানুষের নফস মন্দ কাজের প্রতি প্রবলভাবে প্ররোচিত করে”। এটি মানুষের প্রবৃত্তির এমন একটি অবস্থা, যেখানে কামনা, লোভ ও স্বার্থপরতা তার আচরণকে নিয়ন্ত্রণ করে। মানুষ জানে দুর্নীতি অন্যায়, কিন্তু অর্থের লোভে দুর্নীতি করে। মানুষ জানে প্রতারণা অন্যায়, কিন্তু ব্যক্তিগত লাভের জন্য প্রতারণা করে। অর্থাৎ, তার মধ্যে নফসে আম্মারার প্রবণতা প্রকাশ পায়।
দুই) নফসে লাওয়ামা: সূরা আল-কিয়ামাহর ২ নম্বর আয়াতে আল্লাহ শপথ করেছেন আত্মভর্ত্সনাকারী নফসের। এটি এমন এক মানসিক ও নৈতিক অবস্থা, যেখানে মানুষ নিজের ভুল উপলব্ধি করে, অনুতপ্ত হয় এবং নিজেকে সংশোধনের চেষ্টা করে। একজন ব্যক্তি রাগের মাথায় কাউকে অপমান করার পর অনুতপ্ত হতে পারে। নিজের স্বার্থে অন্যের অধিকার নষ্ট করার পর বিবেকের দংশন অনুভব করতে পারে। এ আত্মসমালোচনাই তাকে পরিবর্তনের সুযোগ করে দেয়।
তিন) নফসে মুতমাইন্না: সূরা আল-ফজরের ২৭ নম্বর আয়াতে প্রশান্ত আত্মার কথা বলা হয়েছে, “হে প্রশান্ত আত্মা”! এটি আত্মিক প্রশান্তি, আল্লাহর প্রতি আস্থা এবং নৈতিক স্থিতির একটি উচ্চতর অবস্থা। এমন মানুষ প্রলোভনের মধ্যে থেকেও অন্যায়, ক্ষমতা পেয়েও অত্যাচার, সম্পদ পেয়েও অহংকারী, বিপদে পড়েও ন্যায়বিচারের পথ ত্যাগ করে না।
উল্লেখ্য, নফসের এ তিনটি অবস্থাকে আত্মশুদ্ধির ধারাবাহিক তিনটি পর্যায় হিসেবে ব্যাখ্যা করা অনেকসময় ইসলামী আধ্যাত্মিক সাহিত্যে প্রচলিত; তবে কোরআনের আলোচনায় এগুলোকে প্রত্যেক মানুষের জন্য বাধ্যতামূলক ও সরলরৈখিক তিনটি ধাপ হিসেবে নির্ধারণ করা হয়নি। নফসে মুতমাইন্নার অবস্থায় পৌঁছাতে পারলে মানুষ ফেরেশতার চেয়েও উত্তম হতে পারে।
মানুষ ফেরেশতা হতে উত্তম হতে পারবে কিনা - এটি ইসলামী জ্ঞান ও সুফি দর্শনে আলোচিত একটি বিষয়। যদিও এ বিষয়ে আলেমদের মধ্যে মতপার্থক্য রয়েছে। কিছু আলেমের মতে, নবী-রাসুল এবং আল্লাহর বিশেষভাবে নির্বাচিত নেক বান্দাদের মর্যাদা ফেরেশতাদের ঊর্ধ্বে হতে পারে। অন্যদিকে, কিছু ধর্মতাত্ত্বিক ধারায় ফেরেশতাদের মর্যাদা মানুষের চেয়ে উচ্চতর বলে বিবেচিত হয়েছে। অর্থাৎ, সৎকর্মশীল বা পুণ্যবান মানুষের ফেরেশতাদের তুলনায় আলাদা অবস্থান থাকতে পারে। ইমাম গাজালীর নৈতিক ও আধ্যাত্মিক চিন্তায় মানুষের আত্মশুদ্ধি, প্রবৃত্তি নিয়ন্ত্রণ এবং আল্লাহর নৈকট্য অর্জনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইবনে আরাবির সুফি দর্শনেও মানুষের আধ্যাত্মিক সম্ভাবনা এবং সৃষ্টিজগতের মধ্যে তার বিশেষ অবস্থান নিয়ে বিস্তৃত আলোচনা রয়েছে।
পরিশেষে, আজকের আলোচনার মূল শিক্ষা হলো মানুষের মর্যাদা মূলত তার নৈতিক ও আধ্যাত্মিক অর্জনের মধ্যেই নিহিত। মানুষের ভেতরে প্রবৃত্তির টান এবং আত্মিক উন্নতির আকাঙ্ক্ষা দুটিই রয়েছে। কোনটি তার জীবন পরিচালনা করবে, সেটিই তার নৈতিক পরিচয় নির্ধারণ করে। মানুষের মধ্যে এমন প্রবৃত্তি রয়েছে, যা তাকে পশুর চেয়েও অধম করে তুলতে পারে; আবার আত্মশুদ্ধি, বিবেক, সংযম, ন্যায়পরায়ণতা ও আল্লাহর আনুগত্য তাকে অত্যন্ত উচ্চ মর্যাদায় পৌঁছে দিতে পারে। অর্থাৎ, মানুষের শ্রেষ্ঠত্ব জন্মগতভাবে নিশ্চিত নয়; বরং তার নফসকে কীভাবে পরিচালনা করছে, তার ওপর নির্ভর করে।
লেখক: উন্নয়ন অর্থনীতি
কালনেত্র