হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী ‘দারুল ইসলাম রহমানিয়া কামিল (মাস্টার্স) মাদরাসা’র ২০২৫-২৬ অর্থবছরের সরকারি অনুদান বিতরণে ভয়াবহ অনিয়ম, জালিয়াতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। মাদ্রাসায় অস্তিত্বহীন শিক্ষক ও শিক্ষার্থী দেখিয়ে অনুদানের অর্থ আত্মসাৎ এবং প্রকৃত মেধাবী ও দরিদ্রদের বঞ্চিত করে গভর্নিং বডির সভাপতির নাতি ও শিক্ষকের সন্তানকে অনুদান দেওয়ার ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় নথিপত্র যাচাই করে নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় বাসিন্দা ও দাতা পরিবারের সদস্য এ বি এম আশরাফ উদ্দিন মাসুদ।
অনুদানের টাকা গেল কোথায়? লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে গত ৩ আগস্ট ২০২৬ তারিখে ২০২৫-২৬ অর্থবছরের অনুদান খাত থেকে ওই মাদ্রাসার জন্য ২৫ হাজার টাকা, দুজন শিক্ষক-কর্মচারীর নামে ৩০ হাজার টাকা এবং ১৪ জন শিক্ষার্থীর জন্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মোট ১ লাখ ৩০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। অভিযোগে বলা হয়, জিনিয়া আক্তার নামে মাদ্রাসায় কোনো কর্মচারী না থাকলেও দৈব দুর্ঘটনার কথা উল্লেখ করে তাঁর নামে ভুয়া ১৫ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। এছাড়া মাদ্রাসার আয়া শেফুল আক্তারের নামে ১৫ হাজার টাকা বরাদ্দ ও উত্তোলন দেখানো হলেও তিনি গণমাধ্যমকে জানান, তিনি কোনো দুর্ঘটনায় আহত হননি, অনুদানের জন্য আবেদনও করেননি এবং কোনো টাকাও পাননি। ফলে তাঁর নামে বরাদ্দ হওয়া টাকা কে বা কারা উত্তোলন করেছেন, তা নিয়ে তীব্র রহস্যের সৃষ্টি হয়েছে।
ভুয়া শিক্ষার্থী ও স্বজনপ্রীতির চিত্র- তালিকায় সাবিহা সাবরিন নামে ইবতেদায়ি তৃতীয় শ্রেণির একজন শিক্ষার্থীকে অনুদান দেওয়া হলেও ওই নামে মাদ্রাসায় কোনো অস্তিত্ব নেই বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে, প্রকৃত অসচ্ছল শিক্ষার্থীদের বাদ দিয়ে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আবু তাহের মুহাম্মদ সালেহ উদ্দিনের নাতি এবং আরবি বিষয়ের সহকারী অধ্যাপক আবু আবদিল্লাহ মোহাম্মদ (খালেদ)-এর ছেলে আবু মোহাম্মদ আবদুল্লাহকে 'দরিদ্র শিক্ষার্থী' দেখিয়ে সরকারি অনুদান দেওয়া হয়েছে।
সরকারি শর্ত লঙ্ঘন ও প্রশাসনিক যোগসাজশ সরকারি বিজ্ঞপ্তির (ঞ) নম্বর শর্ত অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে অনুদানপ্রাপ্তরা ২০২৫-২৬ অর্থবছরে পুনরায় আবেদন করতে পারবেন না। কিন্তু তথ্য গোপন করে উবাইদুল্লা ও মোসাঃ খাদিজা আক্তার নামের দুই শিক্ষার্থীকে পুনরায় ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানের প্রধানের মাধ্যমে অনলাইনে আবেদনের বাধ্যবাধকতা থাকায় এই জালিয়াতিতে প্রশাসনিক যোগসাজশ রয়েছে বলে দাবি স্থানীয়দের।
পাশাপাশি, গভর্নিং বডির সভাপতি আবু তাহের মুহাম্মদ সালেহ উদ্দিন ক্ষমতার অপব্যবহার করে তাঁর আপন ভগ্নিপতি মোবারক হোসেনকে নবসৃষ্ট ভাইস প্রিন্সিপাল পদে নিয়োগ দিয়ে পরবর্তীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী এ বি এম আশরাফ উদ্দিন মাসুদ বলেন, সরকারি অর্থ প্রকৃত দরিদ্র শিক্ষার্থী ও অসহায় কর্মচারীদের প্রাপ্য। তথ্য গোপন ও জালিয়াতির মাধ্যমে যাঁরা এই অর্থ আত্মসাৎ করেছেন, মোবাইল ব্যাংকিং রেকর্ড ও দাপ্তরিক নথি যাচাই করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। এ বিষয়ে চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে তাৎক্ষণিক খোঁজ নেওয়া হয়েছে এবং এর প্রাথমিক সত্যতাও মিলেছে। প্রাথমিক তদন্তে অন্তত তিনজন শিক্ষার্থীর কোনো অস্তিত্ব মেলেনি। এছাড়া দুজন কর্মচারীর নামে বরাদ্দ হওয়া অনুদানের জন্যও তারা নিজেরা কোনো আবেদন করেননি বলে জানা গেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত চলছে এবং আগামী ৭ দিনের মধ্যে জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।
তবে সব অভিযোগ অস্বীকার করে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোবারক হোসেন বলেন- শিক্ষার্থী ও দুই কর্মচারীর নামে ভুয়া টাকা উত্তোলনের যে অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। উল্লেখ্য মাদ্রাসার বা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের নিজস্ব আই,ডি ছাড়া প্রত্যায়ন করার সূযোগ নেই বলে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান জানিয়েছেন।
এ নিয়ে দূর্নীতির তীর উক্ত মাদ্রাসা প্রধানের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দিকে যাচ্ছে।
এ ছাড়াও বিভিন্ন অনিয়মের শিরোনাম হয়েছে নুর মোহাম্মদ পুর দারুল ইসলাম কামিল মাদ্রাসার। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোবারক হোসেন যোগদানের পর থেকেই বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির সাথে জড়িয়ে পড়েছেন।
কালনেত্র