শ্রদ্ধা, ভালোবাসা ও আবেগঘন স্মৃতিচারণের মধ্য দিয়ে চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ কাউছার শোকরানা’র অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান অগ্রণী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব পঙ্কজ নাহা’র সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক জনাব বশির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ কাউছার শোকরানা।
অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের স্কাউট শিক্ষার্থীরা স্কাউট সালাম ও করতালির মাধ্যমে বিদায়ী অতিথিকে স্বাগত জানায়। এরপর প্রধান শিক্ষক জনাব পঙ্কজ নাহা ফুলেল শুভেচ্ছা দিয়ে তাঁকে বরণ করে নেন। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক জনাবা শুক্লা রাণী সরকারের মানপত্র পাঠ এবং শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের স্মৃতিচারণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বক্তারা বিদায়ী শিক্ষা কর্মকর্তার কর্মদক্ষতা, ন্যায়নিষ্ঠা, সরলতা ও মানবিক গুণাবলির কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক জনাব পঙ্কজ নাহা বলেন, "অধস্তন সহকর্মীদের সম্মান দিলে নিজের সম্মানও বৃদ্ধি পায়—কাউছার শোকরানা স্যার তাঁর কর্মজীবনে সেই অনন্য শিক্ষাই রেখে গেছেন।"
প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ কাউছার শোকরানা অগ্রণী উচ্চ বিদ্যালয়ের সাথে তাঁর দীর্ঘদিনের কর্মময় স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, অভিজ্ঞ ও তরুণ শিক্ষকদের সম্মিলিত কর্মদক্ষতায় ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানটি আগামী দিনে আরও এগিয়ে যাবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। পরিশেষে অগ্রণী পরিবারের পক্ষ থেকে তাঁর অবসর-পরবর্তী জীবনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
কালনেত্র