তরুণ প্রজন্মের ক্রীড়া প্রতিভা বিকাশ, মেধা ও বুদ্ধিবৃত্তিক বিকাশের লক্ষ্যে আজ ৫ নভেম্বর দেশব্যাপী একযোগে শুরু হয়েছে 'নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২'। রাজধানী থেকে এই মেগা ক্রীড়া উৎসবের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানটি সারাদেশে একযোগে সরাসরি সম্প্রচার করা হয়। এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা প্রশাসন অনলাইনের মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে এই কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের অংশ হিসেবে চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় পর্যায়ে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি প্রতিযোগিতামূলক দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের খুদে দাবাড়ুদের তুমুল লড়াইয়ের মধ্য দিয়ে মুখরিত হয়ে ওঠে এই আয়োজন।
এতে নিজের অসাধারণ বুদ্ধিমত্তা ও চালের নৈপুণ্য দেখিয়ে একে একে ইকরাম মাদ্রাসা, প্রত্যয় গ্রীণফেয়ার ও আইডিয়াল স্কুলকে পরাজিত করে অপরাজিত উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির মেধাবী ছাত্র স্বপ্নীল দেবরায় রুপু।
রুপু কালিশিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন কান্তি দেবরায় ও বগাডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রীতা হোম চৌধুরীর সুযোগ্য পুত্র।
উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য শিক্ষার্থীদের মেধা, মনন ও বুদ্ধিবৃত্তিক বিকাশে উৎসাহ প্রদান করা। তরুণ প্রজন্মের ক্রীড়া প্রতিভা বিকাশ এবং একটি সুস্থ ও ক্রীড়ামুখী সমাজ গঠনে 'নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২' দেশজুড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে শিক্ষক ও অভিভাবক সমাজ মনে করছেন।
দ.ক/আ-২৬