চুনারুঘাট উপজেলার দামোদরপুর গ্রামের একটি গুরুত্বপূর্ণ সরকারি রাস্তা একক মালিকানার দাবিতে দীর্ঘদিন ধরে দখলে রেখেছিলেন স্থানীয় বাসিন্দা ফয়জুল ইসলাম তালুকদার। বিষয়টি নিয়ে সরকার পক্ষ থেকে আদালতে মামলা দায়ের করা হলে দীর্ঘ আইনি লড়াই চলে।
অবশেষে আদালত স্থানীয় সরকারের পক্ষে রায় প্রদান করলে, অবৈধ দখলদারিত্বের অবসান ঘটাতে চুনারুঘাট উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযানে নামে। আজ ৫ নভেম্বর (বৃহস্পতিবার) চুনারুঘাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ারের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে রাস্তা দখল করে নির্মিত 'তালুকদার বাড়ি' নামাঙ্কিত একটি বিশাল কংক্রিটের গেইট বা তোরণ ভেঙে ফেলা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, রাস্তাটি মূলত ১৬ ফুট প্রশস্ত হওয়ার কথা থাকলেও, এই তোরণটি নির্মাণের ফলে রাস্তার ১২ ফুটই বেদখল হয়ে পড়েছিল। মাত্র ৪ ফুট জায়গা অবশিষ্ট থাকায় সাধারণ মানুষের যাতায়াত এবং ভবিষ্যতে পুরো রাস্তাটিই পুরোপুরি হারানোর আশঙ্কা তৈরি হয়েছিল।
সরকারি সম্পত্তি এবং সাকুল্ল জায়গা জনসাধারণের যাতায়াতের জন্য সম্পূর্ণ অবমুক্ত করতেই এই তোরণটি অপসারণ করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রশাসনের এমন উদ্যোগে স্বস্তি ফিরেছে স্থানীয় সাধারণ মানুষের মাঝে।
দ.ক.২৬