বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন বি-৭৭ এর আসন্ন কেন্দ্রীয় নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী নিপেন পালের প্যানেলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।৪ নভেম্বর দুপুরে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চাঁন্দপুর দুর্গামন্দির প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চাঁন্দপুর চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি সাধন সাওতালের সভাপতিত্বে এবং চুনারুঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল দাসের প্রাণবন্ত পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী নিপেন পাল।
প্রধান অতিথির বক্তব্যে নিপেন পাল বলেন, "চা শ্রমিকরা এদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হলেও যুগ যুগ ধরে তারা তাদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে। আমাদের প্যানেল নির্বাচিত হলে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবা ভূমি অধিকার ও শিক্ষা প্রসারে আপসহীনভাবে কাজ করবে।" তিনি আসন্ন নির্বাচনে শ্রমিক ভাইবোনদের মূল্যবান ভোট ও সমর্থন কামনা করেন।
মতবিনিময় সভায় বাগানের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
সভার সভাপতি সাধন সাওতাল তার বক্তব্যে বলেন, "চা শ্রমিকদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার মতো পরীক্ষিত নেতৃত্ব আজ সময়ের দাবি। নিপেন পালের নেতৃত্বেই শ্রমিকদের অধিকার রক্ষা এবং বাগানের সার্বিক উন্নয়ন সম্ভব।"
পরিচালক উজ্জ্বল দাস তার বক্তব্যে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, "চায়ের পাতার সবুজ রঙের মতো চা শ্রমিকদের জীবনও একদিন সমৃদ্ধ ও সচ্ছল হবে, যদি সঠিক নেতৃত্ব নির্বাচিত হয়।"
মতবিনিময় সভায় চাঁন্দপুর চা বাগানসহ আশেপাশের বিভিন্ন বাগানের শত শত চা শ্রমিক,পঞ্চায়েত কমিটির সদস্য,তিন টি ভ্যালির নির্বাচনে অংশ গ্রহন কারি প্রার্থী এবং তরুণ সমাজকর্মী ও নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।
সভার শেষ পর্যায়ে চা শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় এবং উপস্থিত শ্রমিকরা নিপেন পালের প্যানেলের প্রতি পূর্ণ সমর্থন ও একাত্মতা প্রকাশ করেন।
কালনেত্র