ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীতে পদবির নাম পরিবর্তন করেছে সরকার। এখন থেকে ‘দফাদার’ পদবি বদলে ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ পদবি বদলে ‘গ্রাম পুলিশ’ ব্যবহার করা হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। গত ১ নভেম্বর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৯৬ ও ৪৮ ধারায় দেওয়া ক্ষমতাবলে ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) গ্রাম পুলিশ বাহিনীর গঠন, প্রশিক্ষণ, শৃঙ্খলা ও চাকরির শর্তাবলি সম্পর্কিত বিধিমালা, ২০১৫’ সংশোধন করা হয়েছে।
সংশোধনী অনুযায়ী, বিধিমালার সর্বত্র ‘দফাদার’ শব্দের পরিবর্তে ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ শব্দের পরিবর্তে ‘গ্রাম পুলিশ’ শব্দ ব্যবহার করা হবে।
কালনেত্র