হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে মিনি পিকআপ ও মিনি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আনিস হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানাধীন মিরপুর সাগর ব্রিক ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের ওই স্থানে ঢাকা মেট্রো-ঠ-১৩-২৩৬০ নম্বরের একটি মিনি পিকআপের সঙ্গে ঢাকা মেট্রো-ম-৫১-৪৫৪৪ নম্বরের একটি মিনি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা যাত্রী মোহাম্মদ আনিস হাওলাদার ঘটনাস্থলেই নিহত হন।
নিহত আনিস হাওলাদার পিরোজপুর জেলার নাজিরপুর থানার মিঠারকুল গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মৃত মোফাজ্জল হাওলাদার এবং মাতা মৃত ফাতেমা বেগম।
দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।