হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে এক বিশেষ ভূমি বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২ নভেম্বর (সোমবার) বিকাল ৩ ঘটিকায় উপজেলা পরিষদ হল রুমে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত ছিল পুরো আয়োজন। কর্মশালায় শিক্ষার্থীদের মাঝে অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় ভূমি সেবা ও এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ তৌফিক আনোয়ার।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভূমি সেবা, ই-নামজারি, অনলাইনের মাধ্যমে খাজনা বা ভূমি উন্নয়ন কর প্রদান, জমির মালিকানা যাচাই, দানপত্র দলিল, হেবা দলিল এবং সাফকবলা দলিলসহ ভূমির সামগ্রিক ও আইনি বিষয়বস্তুগুলো অত্যন্ত আন্তরিকতার সাথে বুঝিয়ে দেন। উপস্থিত শিক্ষার্থীরাও অত্যন্ত মনোযোগের সাথে এই নতুন ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করে এবং পরবর্তীতে এ সংক্রান্ত একটি কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডি সি পি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সাদ্দাম হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
উপস্থিত শিক্ষাবিদ ও অভিভাবকরা প্রশাসনের এই উদ্যোগের প্রশংসা করে জানান, তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে ভূমি সংক্রান্ত সচেতনতা বাড়াতে এবং নাগরিক সেবা সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে এ ধরনের কর্মশালা অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রাখবে।
কালনেত্র