সরকারি উন্নয়ন বরাদ্দে এগিয়ে যাচ্ছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা। উপজেলার প্রত্যেক ইউনিয়নে পাঁচটি করে উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে ১ কোটি ৩০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। টিআর, কাবিখা, কাবিটা, গম ও চালের পাশাপাশি ইউনিয়ন ব্লক রাস্তা নির্মাণের জন্য নগদ ৬৪ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সলের উন্নয়ন প্রকল্পের আওতায় এসব বরাদ্দ দেওয়া হয়। সোমবার নোয়াপাড়ায় সংসদ সদস্যের বাসভবনে আয়োজিত উন্নয়ন কমিটির সভায় এসব কাজের বরাদ্দ চূড়ান্ত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল। এ সময় তাঁর জ্যেষ্ঠ ছেলে সৈয়দ ইশতিয়াক আহমেদসহ চুনারুঘাট উপজেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নেতারা নিজ নিজ এলাকার উন্নয়ন চাহিদা ও বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
সভায় সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে আমরা জনগণের কাছে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছি। বিএনপি সরকার গঠনের পর চুনারুঘাট ও মাধবপুরের উন্নয়নে একাধিকবার জাতীয় সংসদে বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের দৃষ্টি আকর্ষণ করেছি।
তিনি বলেন, আমাদের উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা রয়েছে। সাত মাসের মধ্যে সরকার দেশ গঠনে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সরকার থেকে যে বরাদ্দ আসছে, তা জনকল্যাণে ব্যয় করা হচ্ছে। উন্নয়ন বরাদ্দের ক্ষেত্রে কোনো বৈষম্য নেই। এলাকার মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়েই উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
উন্নয়ন কমিটির সভায় চুনারুঘাট উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে এলাকার বিভিন্ন উন্নয়ন চাহিদা, সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
কালনেত্র