বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আখ্যানধর্মী উপন্যাস ‘মৃত্যুক্ষুধা’ নিয়ে হবিগঞ্জে অ আ ক খ জেলা টিমের চতুর্থ পাঠচক্র ও চা-আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৩ অক্টোবর মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় মাঠ প্রাঙ্গণে (নিমতলায়) এ পাঠচক্র অনুষ্ঠিত হয়। এতে কাজী নজরুল ইসলামের ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাস নিয়ে পাঠপর্যালোচনা করা হয়।
অ আ ক খ হবিগঞ্জ জেলা টিমের প্রতিনিধি তাইজুল ইসলামের সঞ্চালনায় পাঠচক্রে উপন্যাসটি নিয়ে আলোচনা করেন শারমিন রহমান, শায়ের তানভীর আহমেদ ও সাগর চৌধুরী।
আলোচকেরা বলেন, ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাসে কাজী নজরুল ইসলাম ততকালীন সময়ের দারিদ্র্য, ক্ষুধা, ও সামাজিক বৈষম্য তুলে ধরেছেন। উপন্যাসের চরিত্রগুলোর জীবনসংগ্রামের মধ্য দিয়ে তৎকালীন সমাজের শ্রেণিবৈষম্য ও ধর্মীয়-সামাজিক টানাপোড়েনের চিত্র ফুটে উঠেছে। ক্ষুধা কীভাবে মানুষের জীবন, মূল্যবোধ ও সম্পর্ককে প্রভাবিত করে, সঙ্গে উপন্যাসটি মানুষের বেঁচে থাকার সংগ্রাম, প্রেম, মানবিক মর্যাদা ও সমাজব্যবস্থার অসংগতিগুলো নিয়ে পাঠককে ভাবতে উদ্বুদ্ধ করে।নজরুল বুঝাতে চেয়েছিলেন ক্ষুধার কোনো ধর্ম নেই।
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন এম এন শুভ, আসাদুজ্জামান শুভ, মাইশা রহমানসহ অন্যরা। পাঠপর্যালোচনা শেষে অংশগ্রহণকারীরা চা-আড্ডায় সাহিত্যপাঠের অভিজ্ঞতা নিজেদের ভাবনা ও পরবর্তী পাঠচক্র নিয়ে সাংগঠনিক আলাপ করেন।