প্রাথমিকের শিক্ষার্থীদের শনিবারে উপস্থিতি নগণ্য বিধায় বৃহস্পতিবার ছুটির পর পরিষ্কার-পরিচ্ছন্নতা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান। একইসঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সমবেতভাবে শিক্ষার্থীরা বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণের নির্দেশনাকেও অভিনন্দন জানিয়েছেন তিনি।
বুধবার (৭ অক্টোবর) পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।
বিবৃতিতে তিনি জানান, দীর্ঘকাল থেকে প্রাথমিকের শিক্ষক-শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা কর্মীর অভাবে বিদ্যালয়ের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম করে আসছেন। শুধুমাত্র ঢাকা মহানগরীর শিক্ষা এলাকায় এ কার্যক্রমের জন্য শনিবার বিদ্যালয় খোলা রাখা হয়েছে। শনিবার বিদ্যালয়ের পাঠদান বন্ধ থাকায় এ কার্যক্রমের জন্য শিক্ষার্থীর উপস্থিতি থাকে অতি নগণ্য। স্বত:স্ফূর্তভাবে সব শিক্ষার্থীর অংশগ্রহণের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম করা সম্ভব হয়ে ওঠে না।
এ পরিপ্রেক্ষিতে শনিবারের পরিবর্তে বৃহস্পতিবার ছুটির পর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম করা হলে সম্মিলিতভাবে প্রধানমন্ত্রীর এ প্রশংসনীয় উদ্যোগ ফলপ্রসূ হবে। এ কার্যক্রমকে অধিকতর সফল করার লক্ষ্যে সময়ক্ষেপণ না করে অনতিবিলম্বে ১ জন পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের দাবিও জানান তিনি।
দ.ক.৩৬