হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে টমটম স্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। এ সময় বাহুবল বাজারের ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘন্টা ব্যাপি ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেলের আঘাতে উভয় পক্ষে অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহত কয়েকজনকে বাহুবল ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয় এবং অন্যন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। পরে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলা সদরের টমটম স্ট্যান্ডের নিয়ন্ত্রণ, টমটমে যাত্রী উঠানামা এবং চালকদের কাছ থেকে আদায় করা বিভিন্ন ফি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে শনিবার দুপুরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া পাল্টা ধাওয়াকালে উভয় পক্ষ ইটপাটকেল ছুঁড়ে সংঘর্ষে লিপ্ত হয়।
অপর একটি সূত্র জানায়, বাহুবল টু রামপুর-ফয়জাবাদ রুটে চলাচলকারী টমটমে যাত্রী উঠানামা নিয়ে সিএনজি চালকদের সাথে বিরোধ চলছিল। সংঘর্ষ নিয়ন্ত্রণে আসলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে বাহুবল মডেল থানার ওসি মোঃ রুহুল আমিন তালুকদার জানান, পূর্ব বিরোধের জেরে টমটম ও সিএনজি শ্রমিকরা সংঘর্ষে জড়িয়েছে। খবর পেয়ে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
দ.ক.২৬